ধাওয়ান-কার্তিকের আগে প্রাক্তনীদের ভিড়, বিবাহ বিচ্ছেদ হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা
ধাওয়ান থেকে কার্তিক, বিবাহ বিচ্ছেদ হওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা বেশ লম্বা
আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আট বছরের বিবাহিত জীবনে ছেদ পড়েছে শিখর ধাওয়ানের। টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচনের আবহে যে খবর দেশের ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে। কী এমন হল যা গব্বরের সুখের সংসারকে ছারখার করে দিল, তা জানতে মুখিয়ে রয়েছেন বহু মানুষ। সেই আবহে চোখ রাখা যাক সেই ভারতীয় ক্রিকেটারদের তালিকায়, যারা এর আগে বিবাহ বিচ্ছেদের কবলে পড়েছে। কারা রয়েছেন সেই তালিকায়।

শিখরের পরিবারে ভাঙন
অস্ট্রেলিয়া-জাত আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে আট বছর আগে বিয়ে হয়েছিল শিখর ধাওয়ানের। আগের পক্ষের দুই সন্তানের মা আয়েশাকে মেনে নিয়েছিল ধাওয়ানের পরিবার। সেলিব্রিটি দম্পতি এক পুত্র সন্তানের জন্ম দেন। সবকিছু চলছিল ছন্দবদ্ধ ভাবেই। ছন্দ কাটল ৭ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে বিরাট একটা পোস্ট করে ধাওয়ানের সঙ্গে নিজের বিচ্ছেদের খবর জানান আয়েশা। এর সত্যতা স্বীকার করেন ক্রিকেটার নিজে। টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচনের আবহে যে খবর দেশের ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে।

দীনেশ কার্তিক
শৈশবের বন্ধু নিকিতা ভাঞ্জারাকে বিয়ে করেছিলেন দীনশ কার্তিক। তাঁরা এক সন্তানেরও জন্ম দেন। সুখী দাম্পত্যে কলহ বাঁধে তৃতীয় ব্যক্তির আগমনে। তামিলনাড়ু ক্রিকেট দলের হয়ে নিয়মিত খেলার সৌজন্যে বন্ধু মুরলী বিজয়ের সঙ্গে স্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন কার্তিক। শোনা যায়, ভারতীয় উইকেটরক্ষকের অবর্তমানে নিকিতার সঙ্গে দেখা করতে শুরু করেন বিজয়। বিষয়টি জানাজানি হতেই কার্তিকের পরিবারে তুমুল অশান্তি শুরু হয়। অবশেষে নিকিতার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন দীনেশ কার্তিক। নিকিতার সঙ্গে বিয়ে হয় মুরলী বিজয়ের।

মহম্মদ আজহারউদ্দিন
ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হওয়ার কিছু পরেই বাবার পারিবারিক বন্ধুর মেয়ে নুরিনকে বিয়ে করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর কেরিয়ারের অনেক উত্থান-পতনের সাক্ষী নিজের প্রথম স্ত্রীর থেকে আলাদা হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অভিনেত্রী সঙ্গীতা বিজলানীর প্রেমে ১৯৯৬ সালে নতুন সংসার গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আজহার। পরে সঙ্গীতার সঙ্গেও তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। একই সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে শেষ হয়েছিল আজহারউদ্দিনের ক্রিকেট কেরিয়ারও।

বিনোদ কাম্বলি
আশা জাগিয়েও বিশ্ব ক্রিকেটের প্রাঙ্গন থেকে আচমকাই উবে যাওয়া বিনোদ কাম্বলির জীবনেও ঘটেছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। ১৯৯৮ সালে শৈশবের বন্ধু নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন মুম্বইকর। কয়েক বছর পরেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর প্রাক্তন মডেল আন্দ্রিয়া হেউইটকে বিয়ে করেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরম বন্ধু কাম্বলি।

জাভাগাল শ্রীনাথ
বাইশ গজের কেরিয়ারে আপাত শান্ত বলেই সমাদৃত জাভাগাল শ্রীনাথের জীবনেও এসেছে একই ধরনের মোচড়। বনিবনা না হওয়ার কারণে নিজের প্রথম স্ত্রী জ্যোৎস্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল ভারতের প্রাক্তন ফাস্ট বোলারের। ২০০৮ সালে সংবাদিক মাধবী পত্রভালিকে বিয়ে করেন শ্রীনাথ। সেই সম্পর্ক এখনও টিকে রয়েছে।












Click it and Unblock the Notifications