আইপিএল ২০২০ : বিসিসিআই এসওপি প্রকাশ করতেই চাহিদার ঝুলি খুলল দলগুলি
আইপিএল ২০২০ : বিসিসিআই এসওপি প্রকাশ করতেই চাহিদার ঝুলি খুলল দলগুলি
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে টুর্নামেন্ট। ইতিমধ্যে সীমান্ত সমস্যার জেরে রাজনৈতিক চাপ আইপিএলের টাইটেল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই টুর্নামেন্ট সুরক্ষিতভাবে পরিচালনা করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি প্রকাশ করেছে বিসিসিআই। এরপরেই নিজেদের চাহিদার ঝুলি খুলে বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

ফ্র্যাঞ্চাইজিগুলির বৈঠক
বিসিসিআই এসওপি প্রকাশ করতেই বুধবার সন্ধ্যায় টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমমে বৈঠকে বসে আইপিএলে অংশ নিতে চলা আট ফ্র্যাঞ্চাইজি। সেই আলোচনা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

গেট মানির কী ব্যবস্থা
করোনা ভাইরাসের আবহে আমিরশাহীতে ফাঁকা স্টেডিয়ামেই আইপিএলের ম্যাচগুলি হবে বলে এখনও পর্যন্ত ঠিক হয়েছে। সেক্ষেত্রে প্রতি বছর নিজ নিজ শহরের মাঠ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলির টিকিট বাবদ যে অর্থ উপার্জন হয়, তা এবার আর সম্ভব নয়। বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ চেয়েছে শাহরুখ খান, প্রীতি জিন্টা, পার্থ জিন্দাল এবং মুকেশ আম্বানি গোষ্ঠী।

আইপিএলের টাইটেল স্পনসর
চলতি বছরের জন্য আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে টাইটেল স্পনসরার ভিভো। এই অবস্থায় বিসিসিআই-কে শীঘ্র চিনা সংস্থার পরিবর্ত খুঁজতে হবে বলে মনে করে ফ্র্যাঞ্চাইজিগুলি। নতুন সংস্থার সঙ্গে চুক্তির মূল্য আগের থেকে কম হলে বিসিসিআই-কেই এর ক্ষতিপূরণ গুনতে হবে বলে বক্তব্য দলগুলির। এ ব্যাপারে তারা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে কোনও সাহায্য করতে পারবে না বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

কোয়ারেন্টাইন বিধি শিথিল
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে অর্থাৎ ১০ সেপ্টেম্বর শেষ হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। করোনার আবহে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনেই ওই টুর্নামেন্টে অংশ নেবেন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে যে কজন ক্রিকেটারের (ডোয়েন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরোন হেটমের, শেলডন কোটরেল, সুনীল নারিন সহ অন্যান্য) আইপিএল খেলার কথা, তাঁদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বিধি শিথিল করার জন্য বিসিসিআই-কে আবেদন জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। যুক্তি, ওই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা আইসোলেশন পর্ব কাটিয়েই আমিরশাহীতে আইপিএল খেলতে পৌঁছবেন।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
আইপিএলের ঠিক আগে শেষ হচ্ছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজ। আইসোলেশনের বিধি মেনে দুই দেশের ক্রিকেটাররা আমিরশাহীতে পৌঁছলে, তাঁদের ক্ষেত্রেও কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করার দাবি উঠেছে ফ্র্যাঞ্চাইজিদের তরফে।












Click it and Unblock the Notifications