ফের শ্রীলঙ্কা ক্রিকেট দলে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত তারকা উইকেটরক্ষক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কুশল পেরেরা।
ফের শ্রীলঙ্কা ক্রিকেট দলে থাবা বসালো করোনা ভাইরাস। এবার দলের প্রাক্তন অধিনায়ক কুলব পেরেরার কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে তা শ্রীলঙ্কা ক্রিকেট দলের কাছে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। দলীয় সূত্রে খবর আপাতত আইসোলেশনে রয়েছেন কুশল।

উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলে দেশে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটার। কোভিড ১৯-এ আক্রান্ত হওয়া ব্রিটিশ ক্রিকেটারদের সংস্পর্শে গিয়েই দুই লঙ্কান খেলোয়াড়ের ওই হাল হয়েছিল বলে জানা যায়। সেই আতঙ্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে ভারতের সীমিত ওভারের সিরিজ বেশ কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছিল।
কাঁধে চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি২০ ও ৫০ ওভারের সিরিজে খেলতে পারেননি কুশল পেরেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোকাবিলার আগে দীর্ঘদিন পর জাতীয় শিবিরে ফিরেছিলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সতীর্থদের সঙ্গে তিনি অনুশীলনও শুরু করেছিলেন। ইতিমধ্যে পেরেরার শরীরে করোনা ভাইরাসের মৃদু লক্ষণ অনুভূত হয়। তারপরেই ওই লঙ্কান ক্রিকেটারের শ্লেষ্মা পরীক্ষা করা হয়। টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত কুশল পেরেরাকে আপাতত সেলফ আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। লক্ষণ মৃদু থাকায় তাঁর শারীরিক পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি বলেও জানানো হয়েছে। বলা হয়েছে যে আগামী ১৫ দিন কুশলকে নিভৃতবাসে থাকতে হবে। তারপর তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে পারবেন কিনা, তা এখনই বলতে পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলের প্রতি সদস্যকে আরও একবার করে কোভিড ১৯ টেস্ট করতে বলা হয়েছে।
আগামী ২ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা। তার আগে ঘরের মাঠেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরে যায় লঙ্কান শিবির। তবে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নতুন ইতিহাস রচনা করে শ্রীলঙ্কা। তারই রেশ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই কুশল পেরেরার করোনা সংক্রমণে কিছুটা হলেও দলের ছন্দপতন ঘটেছে বলা চলে।
শ্রীলঙ্কার হয়ে এখনও পর্যন্ত ২২টি টেস্ট, ১০৭টি ওয়ান ডে ও ৫০টি টি২০ ম্যাচ খেলেছেন কুশল পেরেরা। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ১১৭৭, ৩০৭১ ও ১৩৪৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৩। কুশলের সুস্থতা কামনায় সামিল হয়েছে ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications