Harbhajan Singh: ফোন ধরেন না ধোনি, মাহির সঙ্গে ১০ বছর কথা বন্ধ! অজানা কথা প্রকাশ্যে আনলেন হরভজন
দেশের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন, এমনকি আইপিএলে কয়েক মরশুম একই দলে ছিলেন হরভজন সিং এবং মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দুই জনের শীতল সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই অব্যাহত, এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন স্বয়ং হরভজন সিং। মাহির সঙ্গে তাঁর যে কথা বন্ধ সেটা প্রকাশ্যেই বলে দিলেন ভাজ্জি।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ধোনি এবং হরভজন সিং। কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেন না প্রায় ১০ বছরের বেশি সময় ধরে। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা নিয়ে এবার প্রকাশ্যেই মুখ খুললেন ভাজ্জি। এমনকি সতীর্থের ফোনও ধরেন না ধোনি,এমনই বিস্ফোরক কথা প্রকাশ্যে এনেছেন হরভজন। যা রীতিমতো অবাক করে দিয়েছে ক্রিকেট প্রেমীদের।

একটি সর্বভারতীয় ইংরেজি সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে হরভজন বলেছেন, আমরা একে ওপরের সঙ্গে কথা বলি না অনেক দিন ধরেই। আমি কখনই ওর বিরুদ্ধে নয়। কিন্ত ধোনি আমার সঙ্গে কথা বলে না।ওর যদি কিছু বলার থাকত এতদিনে নিশ্চই আমাকে বলতে পারত। চেন্নাই সুপার কিংস দলে খেলার সময় আমাদের মধ্যে কথা হত, তবে সেই কথা মাঠেই সীমাবদ্ধ ছিল। মাঠের বাইরে আমাদের মধ্যে কথা বার্তা দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে গিয়েছে। সিএসকে দলে থাকাকালীন আমি ধোনির ঘরেও কখনও যেতাম না।
এখানে থেমে না থেকে ভাজ্জি আরও উল্লেখ করেছেন, তবে ১০ বছরের বেশি সময় ধরে আমরা একে অপরের সঙ্গে কথা বলি না, তবে কেন কথা হয় না সেটা ধোনিই বলতে পারবে। অর্থ্যাত কথা বন্ধ হওয়ার জন্য কোনও কারণকে সামনে না আনলেও ভাজ্জি কিন্তু পরোক্ষে ধোনিকেই দায়ী করেছে।
বিস্ফোরক মন্তব্য করে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার আরও বলেন, ধোনি আমার ফোন ধরে না। যারা আমার ফোন ধরে আমি তাদেরই ফোন ধরি, আমার সময় বেশি নেই। যারা আমার বন্ধু তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। বাকি কিছু সম্পর্ক থাকে শুধুই দেওয়া নেওয়ার। আমি যদি কাউকে শ্রদ্ধা করি তাঁরও পাল্টা আমাকে শ্রদ্ধা করা উচিত।
সব মিলিয়ে ধোনি এবং তাঁর সম্পর্ক যে কতখানি তলানিতে গিয়ে ঠেকেছে সেটা প্রকাশ্যে আনলেন হরভজন। সেইসঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতি একরাশ অভিমানও প্রকাশ করলেন ভাজ্জি।












Click it and Unblock the Notifications