ইংল্যান্ডকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী পেসার, আমেরিকায় খেলবেন মেজর লিগ ক্রিকেটে
ইংল্যান্ড ছেড়ে এবার মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার লিয়াম প্লাঙ্কেট। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে বিপক্ষের তিন উইকেট তুলে নেওয়া প্লাঙ্কেট এবার থেকে খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। ভারতের উন্মুক্ত চাঁদের মতোই ইংল্যান্ডের ক্রিকেটকে আলবিদা জানানোর আনুষ্ঠানিক ঘোষণাও করে দিয়েছেন প্লাঙ্কেট এবং তাঁর কাউন্টি দল সারে। ঘোষণাটি আবার হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের অবসর ঘোষণার দিনেই।

সারেতে তিন বছর কাটালেন প্লাঙ্কেট। সেই কাউন্টির তরফেই জানানো হয়েছে, আমেরিকায় যে নতুন টি ২০ প্রতিযোগিতা শুরু হতে চলেছে সেখানে দ্য ফিলাডেলফিয়ান্সের হয়ে খেলার পাশাপাশি আকাদেমির কোচের ভূমিকাও পালন করবেন ৩৬ বছর বয়সের এই পেসার। প্লাঙ্কেট সারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছেন, গত তিন বছর ধরে এখানে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তাতে সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার কেরিয়ারের পরবর্তী অধ্যায়ে মেজর লিগ ক্রিকেটে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিকেটের সামগ্রিক বিকাশেও আমি সহযোগিতা করার জন্য মুখিয়ে রয়েছি। ইংল্যান্ডে ক্রিকেট কেরিয়ার আমি দারুণভাবে উপভোগ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আমেরিকায় যেভাবে খেলা ও কোচিংয়ের সুযোগ পাচ্ছি তাতে আমি অত্যন্ত খুশি। নিজের নতুন দলকে সাফল্য এনে দিতেও বদ্ধপরিকর প্লাঙ্কেট। তাঁর স্ত্রী মার্কিন। এর আগেও সুযোগ পেলে আমেরিকায় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন লিয়াম প্লাঙ্কেট। তাই সুযোগ মিলতেই আর সিদ্ধান্ত নিতে দেরি করলেন না। সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেছেন, আমাদের ক্লাবের সকলের তরফ থেকে লিয়ামকে আমেরিকায় নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য শুভেচ্ছা রইল। যখনই তিনি লন্ডনে আসবেন কিয়া ওভাল তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে।

লিয়াম প্লাঙ্কেটের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে। ২০১৪ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন। ২০০৫ সালের পাকিস্তান সফরেই প্লাঙ্কেটের একদিনের আন্তর্জাতিকেও অভিষেক হয়। শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলেন লর্ডসে বিশ্বকাপ ফাইনালে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে প্লাঙ্কেটের অবদানও অনস্বীকার্য। ফাইনালে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ওপেনার হেনরি নিকোলস ও জিমি নিশামের উইকেট নেন। ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে তিনি নিয়েছিলেন এই তিনটি উইকেট।

টি ২০ আন্তর্জাতিকে তাঁর অভিষেক হয় দেশের মাটিতেই, ২০০৬ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৯ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি ২০ খেলেছেন। ১৩টি টেস্টে ৪১টি উইকেট রয়েছে ইংল্যান্ডের এই পেসারের। ৮৯টি একদিনের আন্তর্জাতিকে ১৩৫টি এবং ২২টি টি ২০ আন্তর্জাতিকে ২৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েই এবার আমেরিকার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ প্লাঙ্কেটের।












Click it and Unblock the Notifications