আহমেদাবাদের পিচ নিয়ে আইসিসি-কে নিশানা ভনের, অতিরিক্ত ভারত-প্রেমের অভিযোগ
আহমেদাবাদের পিচ নিয়ে আইসিসি-কে নিশানা ভনের, অতিরিক্ত ভারত-প্রেমের অভিমান
দুই দিন শেষ হওয়ার আগেই আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন রাতের টেস্টের ফয়সলা বেরিয়ে এসেছে। এই অল্প সময়ের মধ্যে তিরিশটি উইকেটের পতন দেখেছে বিশ্ব। ১০ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। যা হজম করতে পারছেন না অনেক ক্রিকেট বোদ্ধা। ভারতীয় ক্রিকেটারদের কৃতিত্বকে খাটো করে ইংল্যান্ডের হারের জন্য জঘন্য পিচকেই দায়ী করছেন তাঁরা। সেই দলে রয়েছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভনও। যিনি অতিরিক্ত ভারত প্রেমের জন্য সরাসরি আইসিসি-কে আক্রমণ করেছেন।

আহমেদাবাদের পিচ ভয়ঙ্কর
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে পিচে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন রাতের টেস্ট খেলা হয়েছে, সেটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন মাইকেল ভন। তিনি চান যে আইসিসি অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ করুক।

টিম ইন্ডিয়ার জয়ের গভীরতা কম
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্ট ১০ উইকেটে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। গোটা দেশ যখন বিরাটদের জয় নিয়ে উচ্ছ্বসিত, তখন অন্য সুরে গান গেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বলেছেন যে মনের মতো পিচ বানিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার মধ্যে কোনও কৃতিত্ব নেই। ফলে টিম ইন্ডিয়ার জয়ে কোনও গভীরতা নেই বলেও মনে করেন ভন।

আইসিসি-কে নিশানা
মাইকেল ভনের কথায় ভারতীয় ক্রিকেট বোর্ড এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস আইসিসি-র নেই। তাই বিসিসিআই যা-ই করুক, বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা তা মানতে বাধ্য বলে দাবি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ভারত যা চায়, তাতেই রাজি আইসিসি। এমনটা হওয়া উচিত নয় বলেও মনে করেন ভন।

ভারত বনাম ইংল্যান্ড
ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। লাল বলের ফর্ম্যাটে ৪ মার্চ থেকে শুরু হবে খেলা।












Click it and Unblock the Notifications