Andrew Flintoff: অ্যান্ড্রু ফ্লিন্টফ গাড়ি দুর্ঘটনার কবলে, ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারকে নিয়ে উদ্বেগ
অ্যান্ড্রু ফ্লিন্টফ গাড়ি দুর্ঘটনার কবলে। দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ইংল্যান্ডের অলরাউন্ডারকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। বিবিসি-র টপ গিয়ার অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফ্লিন্টফ। তারই শ্যুটিং চলছিল সারের ডান্সফোল্ড পার্ক এয়েরোড্রোমে। ইংল্যান্ডে এখন তুষারপাত হচ্ছে। তাতেই বিপত্তি।

(ছবি- অ্যান্ড্রু ফ্লিন্টফের ইনস্টাগ্রাম)
বিসিসি-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, ফ্রেডি (অ্যান্ড্রু ফ্লিন্টফের ডাকনাম) টপ গিয়ার টেস্ট ট্র্যাকে দুর্ঘটনা কবলে পড়েছেন। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই শ্যুটিংয়ের সময় থাকা চিকিৎসকরা তাঁর চিকিৎসার দেখভাল করতে থাকেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দ্য সান পত্রিকার দাবি, ফ্লিন্টফের আঘাত লাগলেও স্বস্তি একটাই যে, জীবন সংশয়ের ব্যাপার নেই। আরও জানানো হয়েছে, স্বাভাবিকভাবেই গাড়ি চালাচ্ছিলেন ফ্লিন্টফ। গাড়ির গতি বেশি ছিল না। স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে সবরকম বন্দোবস্তই ছিল। দুর্ঘটনার পর এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টপ গিয়ার অনুষ্ঠানের শ্যুটিং স্থগিত রাখা হয়েছে। সকলেই বছর পঁয়তাল্লিশের ফ্রেডির আরোগ্য কামনা করছেন।
অ্যান্ড্রু ফ্লিন্টফ ভারতকে হারানোর পর জার্সি খুলে উড়িয়েছিলেন। লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে সৌরভের জার্সি ওড়ানোর পিছনে ছিল ফ্লিন্টফকে দেওয়া পাল্টা জবাব। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্টে ফ্লিন্টফ ৫টি শতরান ও ২৬টি অর্ধশতরান-সহ ৩৮৪৫ রান করেছেন, উইকেট নিয়েছেন ২২৬টি। ১৪১টি একদিনের আন্তর্জাতিকে ৩টি শতরান ও ১৮টি হাফ সেঞ্চুরি-সহ ৩৩৯৪ রান করেছেন, উইকেট রয়েছে ১৬৯টি। সাতটি টি ২০ আন্তর্জাতিকে ফ্লিন্টফ ৭৬ রান করেছেন, পাঁচটি উইকেট রয়েছে। টি ২০ আন্তর্জাতিক শেষবার খেলেছেন ২০০৭ সালে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ফ্লিন্টফ।
টপ গিয়ারে ফ্লিন্টফের সঙ্গেই সঞ্চালনা করে থাকেন ক্রিস হ্যারিস ও প্যাডি ম্যাকগিনেস। দুর্ঘটনার সময় তাঁরাও টেস্ট ট্র্যাকে ছিলেন। এর আগেও ফ্লিন্টফ এই টপ গিয়ার অনুষ্ঠানের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ১২৫ মাইল বেগে চলা গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও ফ্লিন্টফের সেবার কোনও আঘাত লাগেনি। তিনি দুর্ঘটনাস্থল থেকেই জানিয়েছিলেন ভালো থাকার কথা।












Click it and Unblock the Notifications