যুবরাজ-হ্যাজেলের পরিবারে নতুন সদস্যের আবির্ভাব, শুভেচ্ছা জোয়ারে ভাসছেন তারক দম্পতি
যুবরাজ-হ্যাজেলের পরিবারে নতুন সদস্যের আবির্ভাব, শুভেচ্ছা জোয়ারে ভাসছেন তারক দম্পতি
নতুন সদস্য এলেন যুবরাজ সিং-এর পরিবারে। হ্যাজেল কিচের কোল আলো করে জন্ম নিল যুবরাজের প্রথম সন্তান। প্রথমবার বাবা হওয়ার কথা নিজেই জানান ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

বুধবার টুইট করে এই খুশির খবর দিয়েছেন যুবি। তিনি লিখেছেন, "পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের উদ্দেশ্যে জানাতে চাই পুত্র সন্তান দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন ঈশ্বর। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ এবং একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ একজন নতুন মানুষকে এই পৃথিবীতে স্বাগাত জানিয়েছি আমরা, এমন খুশির মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান দেবেন বলেই আশা রাখি।"
❤️ @hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
যুবরাজ এবং হ্যাজেল কিচের সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর ছড়িয়ে পরার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। শুধু দেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বিদেশ থেকে সিং দম্পতির জন্য ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। প্রিয় সতীর্থের খুশির দিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ ছাড়াও এই তালিকায় রয়েছেন রিচা চাড্ডা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, বিপাশা বসু, অয়াশমান খুরানা, রবীনা টেন্ডন, রণবিজয় সিং, ভিভিএস লক্ষ্ণণ, সানিয়া মির্জা, মহম্মদ কাইফ প্রমুখ।
২০১৬ সালে হ্যাজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন জীবনে পা রাখেন যুবরাজ। পাঁচ বছর পর তাঁদের পরিবারে এল নয়া সদস্য। ২০১৯ সালে বিশ্বকাপ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার যুবি। মূলত ব্যাটসম্যান হলেও পরবর্তীতে বোলিং-কেও ভাল মতো নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন পঞ্জাব কি পুত্তর। ২০২২ লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে মহম্মদ কাইফের নেতৃত্বাধীন ইন্ডিয়া মহারাজে হয়ে মিসবা উল হকের এশিয়া লায়ন্সের বিরুদ্ধে খেলেছিলেন যুবরাজ।
ভারতের জার্সিতে ৪০টি টেস্টে ১৯০০ রান এবং ৯টি রয়েছে যুবির। ১১টি অর্ধ-শতরান এবং তিনটি শতরান করেছেন এই বাম হাতি ব্যাটসম্যান। ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে খেলেছেন ৩০৪টি ম্যাচ। ৩৬.৫৫ গড়ে তাঁর রান ৮৭০১ এবং সংগৃহিত উইকেট ১১১। ১৪টি শতরান এবং ৫২টি অর্ধশতরান রয়েছে তাঁর। ৫৮টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ১১৭৭ রান। ৮টি অর্ধশতরান রয়েছে এই ফরম্যাটে। ক্রিকেটের ছোট ফরম্যাটে তিনি ২৮টি উইকেট পেয়েছে দেশের জার্সিতে।
২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন যুবি। যুবির কারণেই ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জিততে পেরেছে বললেও খুব একটা বেশি কিছু বলা হয় না।












Click it and Unblock the Notifications