সাহাগঞ্জের ডানলপ মাঠে নতুন পিচে মনোজ, মমতার হাত ধরে যোগ তৃণমূলে
হুগলির সাহাগঞ্জের ডানলপ মাঠে আজ নয়া ইনিংস শুরু করতে চলেছে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। লক্ষ্মীরতন শুক্লার পর বাংলা দলের অধিনায়ক হয়েছিলেন। সেই লক্ষ্মীরতন যখন রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে ক্রিকেটে ফিরতে চেয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন তখন মনোজ অবতীর্ণ হচ্ছেন রাজনীতির ময়দানে। বিজেপিতে যোগদানের প্রস্তাব ছিল। কিন্তু মনোজ নিজে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী বলে অগ্নিকন্যার নেতৃত্বে কাজ করার সিদ্ধান্ত নিলেন।

সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চেয়ে আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন মনোজ। রাজনীতিবিদ পরিচয় দিয়ে মনোজের এই নতুন অ্যাকাউন্টে লেখা রয়েছে জয় বাংলা। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজনীতিতে আসার প্রস্তাব ভেবে দেখতে বলেছিলেন। দিদিকে শ্রদ্ধা করি, তাই তৃণমূলেই যোগ দিচ্ছি। আজ সাহাগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তিনি তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ কেন্দ্রের নানা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদও করেছেন মনোজ। এর আগে একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা গিয়েছিল।
ফিটনেসের কারণে বাংলা দলের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন না মনোজ। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই। আইপিএলে দল পাচ্ছেন না। হাঁটুর চোট ভোগাচ্ছে। তাই ক্রিকেট থেকেও পাকাপাকিভাবে অবসর ঘোষণা করতে পারেন যে কোনও মুহূর্তে। ভেবেচিন্তে সেই পদক্ষেপের আগে রাজনীতির ময়দানে চলে এলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। মানুষের জন্য কাজ করতে চান। লক্ষ্মীর উত্তর হাওড়া কেন্দ্র থেকেই মনোজকে প্রার্থী করতে পারে তৃণমূল। সম্প্রতি সিএবি-র প্রাক্তন যুগ্ম সচিব বিশ্বরূপ দে তৃণমূলে যোগ দেন। মনোজের সতীর্থ অশোক দিন্দার আবার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে।
প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সৌমিক দে-রাও তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন, তাঁদের ইতিমধ্যেই তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে অনেকবার। তাঁদের পাশাপাশি প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস, দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়দেরও দলে নিয়ে বিধানসভা ভোটে প্রার্থী করতে পারে তৃণমূল। সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ অনেক প্রাক্তন ফুটবলারের কাছে ইতিমধ্যেই দলে যোগদানের প্রস্তাব নিয়ে গিয়েছেন প্রশান্ত কিশোরের প্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications