মিচেল জনসনের হোটেলের ঘরে সাপ! নাগিন-প্রেমী বাংলাদেশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়ে মস্করা সোশ্যাল মিডিয়ায়
লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিতে এই মুহূর্তে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মিচেল জনসন। কলকাতা থেকে গিয়েছেন লখনউয়ে। এবার বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। একটু অসতর্ক হলেই ঘটতে পারতো মহা বিপত্তি। মিচেল জনসনের ঘর থেকে উদ্ধার হলো একটি সাপ। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন জনসন।

(ছবি- মিচেল জনসনের ইনস্টাগ্রাম)
লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন জনসন। ইডেন গার্ডেন্সে গুজরাত জায়ান্টস অধিনায়ক বীরেন্দ্র শেহওয়াগের উইকেটটিই তিনি তুলে নিয়েছিলেন। এই লিগে বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিয়েছেন। জনসন এখন দলের সঙ্গে গিয়েছেন লখনউয়ে। আজ তিনি ইনস্টাগ্রামে তাঁর ঘর থেকে উদ্ধার সাপের ছবি শেয়ার করেন। হোটেল রুমের দরজার কাছে সাপটিকে দেখতে পেয়েই তার ছবি জনসন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। জানতে চান, সাপটির নাম বা এটি কোন প্রজাতির সাপ?
কেউ কেউ সাপের নানা ধরনের নাম জানিয়েছেন। তবে জনসনের সাপের নাম জানার প্রয়াস নিয়ে মজাদার মন্তব্যও এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজকে গুলিয়ে ফেলেছেন লেজেন্ডস লিগের সঙ্গে। গতকালই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অস্ট্রেলিয়া লেজেন্ডস ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ লেজেন্ডসকে। জনসনের ছবির তলায় জনৈক ক্রিকেটপ্রেমী লিখেছেন, সাপটি তার আত্মীয়দের পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছিল। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের নাগিন ডান্স রীতিমতো বিখ্যাত। সাপের সঙ্গে সেই যোগ টেনেই জনসনকে এক ক্রিকেট ভক্ত পরামর্শ দিয়েছেন, সাপের নাম বাংলাদেশের কারও কাছে জানতে চাওয়ার জন্য।
কলকাতা না লখনউ, কোন শহরের হোটেলে এই ঘটনা ঘটেছে তা নিয়ে জল্পনা চলতে থাকে। যদিও এটি লখনউয়ের হোটেল বলেই নিশ্চিত হওয়া গিয়েছে। প্রথম পোস্টের ঘণ্টা তিনেক পর সাপের আরও একটি কাছ থেকে তোলা ছবি পোস্ট করেছেন জনসন। তখনও অবধি তিনি সাপটির নাম সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে এই ছবি পোস্টের পর ক্যাপশনে তিনি লিখেছেন, আপাতত লখনউয়ের অভিজ্ঞতা বেশ ইন্টারেস্টিং। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে লখনউয়ে টিম হোটেলের ঘর থেকেই উদ্ধার হয়েছে সাপটি। অস্ট্রেলিয়ার প্রাক্তনরা যেমন লেজেন্ডস লিগ বা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ভারতে রয়েছেন, তেমনই ভারত সফরে এসেছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। কাল মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের প্রথম ম্যাচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জনসন বলেন, এশিয়া কাপের পারফরম্যান্সের নিরিখে ভারতকে যাচাই করা সঠিক হবে না। তাঁর কথায়, বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। বিশ্বকাপের সব ম্যাচ বড় ম্যাচ। ভারতীয়রা দর্শকঠাসা স্টেডিয়ামে চাপের মুখে আইপিএল খেলতে অভ্যস্ত। ফলে এশিয়া কাপে কী হয়েছে সেটা ফ্যাক্টর হবে না।












Click it and Unblock the Notifications