ইডেনে নাইট বনাম মুম্বইয়ের প্রথম ম্যাচে বৃষ্টির ভ্রুকূটি! সতর্ক করল হাওয়া অফিস
কলকাতা, ৮ এপ্রিল : আর কিছুক্ষণ পর এবারের আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নাইটরা রোহিত শর্মার শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে।
তবে তার চেয়েও এখন বড় খবর হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার ভ্রুকূটি। গত কয়েকদিন ধরেই আকাশের মুখ গম্ভীর হয়ে রয়েছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। গতকাল আইপিএল উদ্বোধনীতেও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। এছাড়া দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও জানানো হয়েছে।
আজ রাত ৮ টায় শুরু হবে নাইটদের ম্যাচ। ম্যাচের আগের নানা প্রক্রিয়া তার আগেই শুরু হয়ে যাবে। বৃষ্টি হলে তখন অন্য ছক কষতে হবে দুই অধিনায়ককে।
তবে কলকাতার কাছে সবচেয়ে স্বস্তির কারণ, আজকের ম্যাচ থেকেই খেলছেন সুনীল নারিন এবং তাঁর বোলিং গৌতম গম্ভীরকে অনেকটা নির্ভরতা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications