আইপিএলে বাংলার মুকেশ ও শাহবাজের দিকে থাকবে নজর, কোন পাঁচ ক্রিকেটার তারকা হতে পারেন?
আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু হচ্ছে শুক্রবার থেকে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিৎ সিং, তামান্না ভাটিয়ার মতো সেলেবরা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। যা শুরু সন্ধ্যা ৬টায়। এরপর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে অনেক তারকারও জন্ম হয়। একনজরে দেখে নেওয়া যাক এবার কোন পাঁচ তরুণ ক্রিকেটার নজর কাড়তে পারেন।

মুকেশ কুমার
মুকেশ কুমার রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। বাংলার এই ক্রিকেটার ভারতীয় এ দলের হয়ে ভালো খেলার সুবাদে ভারতের সিনিয়র দলেও ডাক পান। তবে আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২৯ বছরের মুকেশ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৪৯টি উইকেট নিয়েছেন। ২৪টি ৫০ ওভারের বা লিস্ট এ ম্যাচে ২৬টি উইকেট পেয়েছেন। ২৩টি টি ২০ ম্যাচে তাঁর ২৫টি উইকেট রয়েছে। মুকেশের কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরিসীম অবদান। সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। মুকেশ প্রথম আইপিএলে বল হাতে নজর কেড়ে জাতীয় দলের জন্য নিজের দাবি জোরালো করতে চাইবেন।

শাহবাজ আহমেদ
শাহবাজ আহমেদ আইপিএলে ভালো খেলার সৌজন্য গত বছর ভারতীয় দলে খেলার সুযোগ পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিকে তিনটি উইকেট নেন। বাংলার হয়ে ব্যাটে-বলে এবারও ঘরোয়া ক্রিকেটে দারুণ অবদান রেখেছেন। বাংলাকে রঞ্জি ফাইনালে তোলার পিছনেও ছিল তাঁর অবদান। ইতিমধ্যেই আরসিবি ম্যানেজমেন্টের আস্থাও অর্জন করেছেন। শাহবাজ এবারের আইপিএলে সাফল্য পেতে মুখিয়ে থাকবেন। তিনিও ভারতীয় নির্বাচকদের নজরে রয়েছেন।

ক্যামেরন গ্রিন
অস্ট্রেলিয়ার ২৩ বছরের ক্যামেরন গ্রিন এবারই প্রথম আইপিএল খেলবেন। অজিদের হয়ে তিন ফরম্যাটেই ভালো পারফর্ম করেছেন গ্রিন। ২০টি টেস্টে ৯৪১ রান করার পাশাপাশি ২৩টি উইকেট রয়েছে। ১৫টি ওডিআইয়ে ৩০২ রান করেছেন, ১১টি উইকেট দখল করেছেন। টি ২০ আন্তর্জাতিকে ৮ ম্যাচে ১৩৯ রান রয়েছে, পাঁচটি উইকেট পেয়েছে। ২১টি টি ২০ ম্যাচে তাঁর ২৪৫ রান রয়েছে। আমেদাবাদে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের একমাত্র শতরানটি করেছিলেন। এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএলেই ভালো কিছু করে দেখাতেই পারেন এই তরুণ ক্রিকেটার।

উমরান মালিক
সানরাইজার্স হায়দরাবাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে উমরান মালিকের উপর। জম্মু ও কাশ্মীরের এই পেসার গত আইপিএলে লাগাতার দেড়শো কিলোমিটার গতিবেগে বল করেছেন। ফাইনাল পর্যন্ত দ্রুততম বলটিও তিনিই করেছিলেন। গত আইপিএলে উমরান ১৪টি টি ২০ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ছিলেন চারে। গত বছরই ভারতীয় দলে অভিষেক হয়। তবে জায়গা পাকা করতে পারেননি। এবার আইপিএল উমরানের কাছে বড় মঞ্চ হতে চলেছে। ভারতের হয়ে ৮টি করে ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক খেলে যথাক্রমে ১৩টি ও ১১টি উইকেট নিয়েছেন। ৩৮টি টি ২০ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫৪টি।
|
বিদ্ব্যৎ কাভেরাপ্পা
বিদ্ব্যৎ কাভেরাপ্পা এবার পাঞ্জাব কিংসের হয়ে চমক দেখাতে পারেন। কর্নাটকের এই পেসার সর্বশেষ সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। ইকনমি ৬.৩৬। বছর ২৪-এর এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ৩৪টি উইকেট পেয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে ৮ ম্যাচে ১৭টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। গত বছরই কর্নাটকের হয়ে তাঁর অভিষেক হয়।












Click it and Unblock the Notifications