অ্যাডিলেডে প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড
মেলবোর্ন, ৩০ জুন : এবার সত্যি হতে চলেছে দিবারাত্রির টেস্ট। টেস্টের গরিমাকে বাঁচাতে বহুদিন ধরেই আইসিসি পরিকল্পনা করছিল দিন-রাতের টেস্ট ম্যাচের। দিনের আলোর সঙ্গে রাতে কৃত্তিম আলোয় খেলা হলে কিছুটা হলেও দর্শকদের মাঠমুখী করা যাবে, এটাই ভাবনায় ছিল।
সেই ভাবনা অবশেষে বাস্তবের মুখ দেখতে চলেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে এদিন ঘোষণা করা হয়েছে যে, আগামী নভেম্বরের ২৭ তারিখ অ্যাডিলেড ওভালে খেলা হবে সেই ঐতিহাসিক ম্যাচ।

সেইসময়ে নিউ জিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে খেলার কথা অজিবাহিনীর। জানা গিয়েছে, 'চ্যাপেল-হ্যাডলি' ট্রফির তৃতীয় তথা শেষ ম্যাচ অ্যাডিলেডে কৃত্তিম আলোয় খেলা হবে। একইসঙ্গে ব্যবহার করা হবে গোলাপি কোকাবুরা বলও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কার্যনির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, টেস্ট ক্রিকেট সাধারণত খেলা হয় সপ্তাহের মাঝে, কর্মব্যস্ত দিনে। ফলে সময়টাকে কিছুটা বদলে দিলে কাজের পর কিছুটা সময় হলেও মানুষ মাঠে হোক বা টিভিতে খেলা দেখার সুযোগ পাবেন।












Click it and Unblock the Notifications