Finn Allen: আরসিবিতে ব্রাত্য, আইপিএলে দল পাননি! সেই অ্যালেন পাকিস্তানকে দুমড়ে দিলেন ছক্কার বিশ্বরেকর্ড ছুঁয়ে
Finn Allen: টি২০ আন্তর্জাতিকে ইনিংসে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড অল্পের জন্য ভাঙতে পারলেন না ফিন অ্যালেন। তবে আজ ডুনেডিনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে তিনি ছক্কার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন।
আইপিএল নিলামের আগে অ্যালেনকে ছেড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসের অ্য়ালেনকে নিলাম থেকে কেউ নেননি। তবে তাঁর এদিনের ব্যাটিং তাণ্ডব দেখে অনেক দলই হাত কামড়াতে পারে।

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামা অ্যালেন এদিন ৫টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ৬২ বলে ১৩৭ রান করলেন। ২৬ বলে ৫০ ও ৪৮ বলে শতরান পূর্ণ করেন তিনি। নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছিল। জবাবে পাকিস্তান ৭ উইকেটে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি। বাবর আজম অর্ধশতরান করেন।
টি২০ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল কিউয়িরা। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন অ্যালেন। অ্যালেনের স্কোর নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক। টি২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় তিনি রয়েছেন যুগ্ম পঞ্চম স্থানে।
অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ২০১৮ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ৭৬ বলে ১৭২। টি২০ আন্তর্জাতিকে এটিই ব্যক্তিগত সর্বাধিক স্কোর। আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেছিলেন।
এ ছাড়াও ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিঞ্চ ৬৩ বলে ১৫৬, ২০১৬ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে অপরাজিত ১৪৫ রান করেছিলেন। এই নিয়ে তৃতীয় কোনও ক্রিকেটার টি২০ আন্তর্জাতিকে নিজের সেরা স্কোর ১৩৭ রান করলেন।
গত বছর নেপালের কুশল মাল্লা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৫০ বলে অপরাজিত ১৩৭ ও হাঙ্গেরির জিশান কুকিখেল অস্ট্রিয়ার বিরুদ্ধে ২০২২ সালে ৪৯ বলে ১৩৭ রান করেছিলেন। তাঁদের পরেই রইলেন ফিন অ্যালেন। জাজাই যে ম্যাচে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তাতে ১১টি চার ও ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।
জাজাই সে ম্যাচে আফগানিস্তানের হয়ে ওপেন করতে নেমেছিলেন। স্ট্রাইক রেট ছিল ২৬১.২৯। আর একটি ছক্কা মারলেই এদিন কিউয়ি ওপেনার জাজাইয়ের কোনও টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কার রেকর্ডটি ভেঙে দিতে পারতেন। ১৭.২ ওভারে দলের ২০৩ রানের মাথায় অ্যালেনের উইকেটটি তুলে নেন জামান খান।
হ্যারিস রউফের ১৪টি বলে ছয়টি ছক্কা মারেন অ্যালেন। টি২০ আন্তর্জাতিকে কোনও বোলার ৬টি ছক্কা হজম করলেন এমন ঘটনা এই নিয়ে ঘটল চতুর্থবার। ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রডের বলে যুবরাজ সিং, ২০২১ সালে আকিলা ধনঞ্জয়ের বলে কায়রন পোলার্ড ও ২০২৩ সালে রবি বিষ্ণোইয়ের বলে জশ ইনগ্লিস ৬টি করে ছয় মেরেছিলেন। রউফ চার ওভারে ৬০ রান দেন, টি২০ কেরিয়ারে কোনও ম্যাচে এর আগে এত রান তিনি খরচ করেননি।












Click it and Unblock the Notifications