IPL 2021: ফিনিশার ধোনির কামাল ঋতুরাজ-রবিনের গড়া ভিতে, আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস
পরপর দুই বছর লিগ পর্বে চেন্নাই সুপার কিংসকে দুবার করে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে! সেই কথাটিকে আরও একবার মনে করিয়ে সিএসকে-কে আইপিএল ফাইনালে পৌঁছে দিলেন মহেন্দ্র সিং ধোনি। গত বছর আইপিএলের প্লে অফে পৌঁছাতে না পারার যন্ত্রণাবিদ্ধ ক্যাপ্টেন কুল আজ স্নায়ুযুদ্ধে বাজিমাত করলেন সেই সেরা ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়ে। সাতে নেমে তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে দলকে জেতালেন মাহি। যা দেখে উচ্ছ্বসিত বিরাট কোহলি টুইটে লিখেছেন, কিং ইজ ব্যাক। ধোনিকে গ্রেটেস্ট ফিনিশার হিসেবেও অভিহিত করেছেন আরসিবি তথা ভারত অধিনায়ক।

Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
জয়ের জন্য ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। ফর্মে থাকা ওপেনার ফাফ দু প্লেসি প্রথম ওভারের চতুর্থ বলে ১ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হন। যদিও এরপরই দলকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয় ঋতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার জুটি। রবিন উথাপ্পা এদিন নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন চেন্নাই সুপার কিংসের হয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুবাইয়ে করেছিলেন ১৯, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২। কিন্তু অভিজ্ঞ উথাপ্পাকে আজ পাওয়া গেল চেনা মেজাজে। ঋতুরাজ তো এমনিতেই দুরন্ত ছন্দে রয়েছেন। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে তো এলেনই, চেন্নাই সুপার কিংসের তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৬০০-র বেশি রানের নজির গড়লেন।

দ্বিতীয় উইকেট জুটিতে এদিন ১০০ রান যোগ করেন ঋতুরাজ ও উথাপ্পা। ১৩.৩ ওভারে ৪৪ বলে ৬৩ রান করে টম কারানের বলে প্যাভিলিয়নে ফেরেন উথাপ্পা। ছেলের জন্মদিনে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান নিতে পেরে খুশি তিনি। উথাপ্পা ফেরার পর ৮ বলের ব্যবধানে ৬ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় সিএসকে। বাউন্ডারি লাইনের ধারে উপস্থিতবুদ্ধির পরিচয় দিয়ে উথাপ্পার দুরন্ত ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। ১৪তম ওভারের তৃতীয় বলে উথাপ্পাকে আউট করার পর ষষ্ঠ বলে শার্দুল ঠাকুরকে শূন্য রানে আউট করেন কারান। ১৪.৪ ওভারে শ্রেয়স ও কাগিসো রাবাডার যুগলবন্দিতে রান আউট হন অম্বাতি রায়ুডু। তিনি ১ রান করেন। এই সময় ম্যাচে ফেরার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও পাল্টা লড়াই চালাতে থাকেন ঋতুরাজ ও মঈন আলি।
What a game of cricket that was! #CSK, they are now in Friday's Final of #VIVOIPL pic.twitter.com/eiDV9Bwjm8
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
১৮.১ ওভারে ঋতুরাজ গায়কোয়াড় আবেশ খানের বলে আউট হন। পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৭০ রান করেন ঋতুরাজ। এরপর মঈনের সঙ্গে যোগ দেন মহেন্দ্র সিং ধোনি। ফিনিশারের ভূমিকায় চেনা ঝলক দেখা গেল ক্যাপ্টেন কুলের ব্যাটে। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৩। টম কারানের প্রথম বলে মঈন আলি ১২ বলে ১৬ করে আউট হন। শার্দুলকে শেষ বলে আউট করায় কারানের সামনে ছিল হ্যাটট্রিকের হাতছানি। সেই হ্যাটট্রিক ধোনি তো বাঁচালেনই, প্রাক্তন ভারত অধিনায়ককে দেখে খেই হারালেন কারান। অবশেষে দুই বল বাকি থাকতে চার মেরে দলকে ফাইনালে তুলে দিলেন ধোনি।

২০১০, ২০১১ ও ২০১৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে রানার-আপ। ফের আইপিএল ফাইনালে ধোনিবাহিনী। শেষ ওভার কাগিসো রাবাডাকে না দিয়ে টম কারানে আস্থা রাখার খেসারত দিল দিল্লি ক্যাপিটালস। যদিও কারানই এদিন দিল্লির সফলতম বোলার। ৩.৪ ওভারে ২৯ রানের বিনিময়ে তিনি তিন উইকেট নেন। সেই কারণেই শেষ ওভার টমকে দেন বলে জানান পন্থ। দিল্লি এক নম্বর দল হিসেবে প্লে অফে উঠেছিল। গতবারের রানার-আপ দিল্লির সামনে এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। জিততে হবে আরসিবি বনাম কেকেআর এলিমিনেটরে জয়ীর বিরুদ্ধে। ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী হতাশ পন্থ। সিএসকে-র কাছে পরাজয়ের পর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি।
Whistle Poduuuuuuuuuu🥳#DCvCSK #Yellove 🦁 pic.twitter.com/UxdEch4PLv
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 10, 2021
মহেন্দ্র সিং ধোনি এদিন শার্দুলকে নিজের আগে পাঠান। রবীন্দ্র জাদেজাকে পরে রেখেছিলেন। মাহির এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। ধোনি নিজেও তাঁর ইনিংস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ধোনিকে আত্মবিশ্বাসী রাখছে দলের ব্যাটিং গভীরতা, কেন না নয় পর্যন্ত দীপক চাহার ভালো ব্যাট করতে পারেন। গতবার প্লে অফে পৌঁছাতে না পারার পর এবার যে অনেক আগেই শেষ চার সিএসকে নিশ্চিত করেছিল তা পরিকল্পনামাফিকই বলে দাবি ধোনির। ব্যাটিং ভালো হওয়াতেই এই সাফল্য বলে জানিয়েছেন সিএসকে ক্যাপ্টেন। ম্যাচের সেরা ঋতুরাজ গায়কোয়াড়।












Click it and Unblock the Notifications