টি ২০ বিশ্বকাপের ফাইনালে একাধিক নজিরের হাতছানি ফিঞ্চ-গাপটিল-ওয়ার্নারদের সামনে
টি ২০ বিশ্বকাপের ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি ২০ বিশ্বকাপে এই দুই দলের কেউই চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে বিশ্ব ক্রিকেট পেতে চলেছে টি ২০ আন্তর্জাতিকে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে। এই ম্যাচে একাধিক নজিরের হাতছানি রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সামনে।

টি ২০ ক্রিকেটে এখনও অবধি মাত্র পাঁচজন ক্রিকেটারই ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। ৪৫৩ ম্যাচে ক্রিস গেইল সর্বাধিক টি ২০ রানের মালিক। ২২টি শতরান ও ৮৭টি অর্ধশতরান-সহ গেইলের টি ২০-তে মোট রান ১৪,৩২১। চার মেরেছেন ১১০৮টি, ছয় ১০৪৫টি। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এরপর রয়েছেন যথাক্রমে কাইরন পোলার্ড (৫৭৩ ম্যাচে ১১৩২৬ রান), শোয়েব মালিক (৪৪৯ ম্যাচে ১১১৩৩ রান), ডেভিড ওয়ার্নার (৩১২ ম্যাচে ১০২৫৫ রান) ও বিরাট কোহলি (৩২৪ ম্যাচে ১০২০৪ রান)। আর ২৫ রান করলে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে টি ২০-তে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন।

টি ২০ আন্তর্জাতিকে এখনও অবধি একশোর উপর ছক্কা হাঁকিয়েছেন যাঁরা তাঁরা হলেন মার্টিন গাপটিল (১৫৫), রোহিত শর্মা (১৪০), ক্রিস গেইল (১২৪), ইয়ন মর্গ্যান (১১৯), অ্যারন ফিঞ্চ (১১৩), এভিন লুইস (১১০) ও কলিন মুনরো (১০৭)। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে ৮৮তম ম্যাচে আজ ডেভিড ওয়ার্নার যদি চারটি ছক্কা মারতে পারেন তাহলে তিনিও একশোটি ছক্কা মারার নজির গড়ে ফেলবেন। টি ২০ ক্রিকেটে ১৫০টি ক্যাচ ধরতে ওয়ার্নারকে একটি ক্যাচ তালুবন্দি করতে হবে। টি ২০ ক্রিকেটে একশোটি ছক্কা মারতে গ্লেন ম্যাক্সওয়েলের এখনও দরকার ৭টি ম্যাক্সিমাম।

চলতি টি ২০ বিশ্বকাপে এখনও সর্বাধিক রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬ ম্যাচে তাঁর রান ৩০৩। ডেভিড ওয়ার্নারের রান এখন ২৩৬। ফলে আর ৬৭ রান করতে পারলে তিনি এবারের টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হতে পারবেন। নিউজিল্যান্ড দলে আজ ডেভন কনওয়ের জায়গায় আজ খেলবেন টিম সেইফার্ট। তিনি যদি ৩০ রান করতে পারেন তাহলে টি ২০ ক্রিকেটে তাঁর আড়াই হাজার রান পূর্ণ হবে। টি ২০ বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাকালামের ৬৩৭ রানের নজির টপকাতে কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলের দরকার ৪৯ রান। টি ২০ বিশ্বকাপে একবারই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল। ২০১৬-র টি ২০ বিশ্বকাপে সেই ম্যাচে কিউয়িরা ক্যাঙারুদের হারালেও আজ অবধি আইসিসি ইভেন্টের নক আউটে কখনও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। আজ কী হয় তা জানতে কয়েক ঘণ্টার অপেক্ষা।












Click it and Unblock the Notifications