সিরাজের ৫, শার্দুলের ৪, ব্রিসবেনে ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া
সিরাজের ৫, শার্দুলের ৪, ব্রিসবেনে ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া
ব্রিসবেনে কার্যত রিজার্ভ দল নিয়ে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধ দুর্দান্ত লড়াই চালাচ্ছে ভারত। পাহাড়প্রমাণ রানের আশা জাগিয়েও মহম্মদ সিরাজ নেতৃত্বাধীন ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া। অর্থাৎ ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে ৩২৮ রান করতে হবে টিম ইন্ডিয়াকে।

ব্রিসবেন টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে অজি শিবির। জবাবে প্রথম ইনিংসে ৩৩৬ রান তোলে ভারত। ওয়াশিংটন সুন্দরের ৬২ ও শার্দুল ঠাকুরের ৬৭ রানের লড়াকু ইনিংস দেখে মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব। ভারতের দুই অনভিজ্ঞ অল রাউন্ডারের মধ্যে ১২৩ রানের পার্টনারশিপ হয়। প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে অজি ওপেনারদের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ হয়। মরমুখী মেজাজে ৩৮ রান করে আউট হন মার্কাস হ্যারিস। আটটি চার আসে তাঁর ব্যাট থেকে। ২ রানের জন্য টেস্টে আরও একটি অর্ধশতরান হাতছাড়া হয় ডেভিড ওয়ার্নারের। দুই ওপেনার আউট হওয়ার পর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের মধ্যে ৩২ রানের পার্টনারশিপ হয়। ২৫ রান করে সাজঘরে ফিরে যান মার্নাস। ৫৫ রানের লড়াকু ইনিংস খেলে মহম্মদ সিরাজের শিকার হন স্মিথ।
৯০ বলে ৩৭ রান করেন ক্যামেরন গ্রিন। ৩৭ বলে ২৭ রান করেন অধিনায়ক টিম পেইন। শেষ দিকে ২৮ রানের ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্যাট কামিন্স। ভারতের হয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। টেস্ট কেরিয়ার প্রথম পাঁচ উইকেট নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সদ্য বাবাকে হারানো ভারতীয় বোলার। ৪ উইকেট নেন পেসার শার্দুল ঠাকুরও। এক উইকেট নেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংস দুর্দান্ত বোলিং করেছেন নবাগত টি নটরাজন।












Click it and Unblock the Notifications