BCB: পাপন যুগের অবসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি দেশের প্রাক্তন অধিনায়ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিরাট পালাবাদল। আগেই দেশত্যাগ করেছিলেন শেখ হাসিনা। এবার বাংলাদেশ ক্রিকেটেও নাজমুল হাসান পাপন যুগের অবসান হল সরকারিভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন ফারুখ আহমেদ। প্রাক্তন এই ক্রিকেটার মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন অতীতে। তিনিই এলেন নতুন দায়িত্বে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট ডিরেক্টর জালাল ইউনুস পদত্যাগ করেছিলেন কয়েকদিন আগেই। ২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়ন পান পাপন। ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এরপর থেকে হাসিনা ঘনিষ্ঠ পাপনই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা।

দেশের মতোই ডামাডোল অব্যাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরেও। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ ছাড়তে চলেছেন নাজমুল হাসান। ইতিমধ্যেই শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদ এগিয়ে আছেন, শেষ পর্যন্ত তিনিই হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি।
হাসিনার সরকার ভেঙে যাওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েক দিন ধরেই অবশ্য ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বিসিবির সভাপতি পদ ছাড়তে চলেছেন তিনি। অবশেষে সে গুঞ্জনই সত্যি হল।
বাংলাদেশের জাতীয় দলের হয়ে ৭ ওয়ানডে খেলা ফারুখ আহমেদ দুবারের মেয়াদে প্রধান নির্বাচক হয়েছিলেন (২০০৩ থেকে ২০০৭ এবং ২০১৩ থেকে ২০১৬)। দ্বিতীয় পর্বে পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন ফারুক। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয় ১৯৮৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক। শেষ ম্যাচ খেলেন ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এগারো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র সাতটি একদিনের ম্যাচ খেলেছিলেন। ১৯৯০ সালে ভারতের বিরুদ্ধে চণ্ডীগড়ে কেরিয়ারের একমাত্র হাফসেঞ্চুরির ইনিংস খেলেছিলেন।
মঙ্গলবারই মহিলাদের টি২০ বিশ্বকাপ সরে গিয়েছে পদ্মাপারের দেশ থেকে। আইসিসির তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ খেলা বাংলাদেশের পরিবর্তে আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। পূর্বনির্ধারিত সূচির স্কন রদবদল হবে না। নির্দিষ্ট সময়েই দুবাই এবং শারজায় পৌঁছে যাবে অংশগ্রহণকারী দলগুলো। দুবাই এবং শারজা-দুটি মাঠে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি।












Click it and Unblock the Notifications