আইপিএলে চালু হোক সংস্কৃত ধারাভাষ্য, ভাইরাল ভিডিও দেখে দাবি ক্রিকেটপ্রেমীদের
Sankskrit Commentary: আইপিএলে এবার সংস্কৃত ভাষায় ধারাভাষ্যের বন্দোবস্ত করা হোক। সোশ্যাল মিডিয়ায় দাবি তুললেন ক্রিকেটপ্রেমীরা।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে, স্থানীয় ক্রিকেট ম্যাচে এক ব্যক্তি অনর্গল সংস্কৃতে ধারাভাষ্য দিয়ে চলেছেন।

আইপিএলে ইংরেজি ও হিন্দির পাশাপাশি অন্তত ১২টি আঞ্চলিক ভাষায় ধারাভাষ্যের বন্দোবস্ত করা হয়। তামিল, কন্নড়, তেলুগু, বাংলা থেকে শুরু করে ভোজপুরীতেও ধারাভাষ্য দেওয়া হয়। বিরাট কোহলি-সহ অনেকেই ভোজপুরী ভাষায় ধারাভাষ্য উপভোগও করেন।
তবে সংস্কৃত ভাষায় ধারাভাষ্য আজ অবধি দেখা যায়নি আইপিএলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বেঙ্গালুরুতে একটি ক্রিকেট ম্যাচ চলছে। সেখানেই সংস্কৃত ভাষায় ধারাভাষ্য শোনা গিয়েছে। ভাষা শিক্ষার প্ল্যাটফর্ম স্থায়ী এই সংস্কৃত ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিল কর্নাটক সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সহায়তায়।
যিনি ধারাভাষ্য দিচ্ছিলেন তাঁর নাম অরুণ কুমাপ কলাগি। শুদ্ধ সংস্কৃত উচ্চারণে তাঁর ধারাভাষ্য যথেষ্টই প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী। অনেকেই মনে করেন, সংস্কৃত ভাষায় কথা বলা কঠিন। কিন্তু তা যে কঠিন নয়, সেই বার্তাই দিতে চেয়েছেন ধারাভাষ্যকার।
ইতিমধ্যেই এই ভিডিওটি ২ লক্ষ ৮৬ হাজারের কাছাকাছি মানুষ দেখেছেন। তাঁরা উপভোগ করেছেন সংস্কৃত ভাষার ধারাভাষ্য। জিওসিনেমায় যাতে সংস্কৃত ভাষায় আইপিএলের ধারাভাষ্য শোনা যায়, সেই দাবিও তুলেছেন অনেকেই। তাহলে সংস্কৃত ভাষার গৌরব যেমন রক্ষিত হবে, এই ভাষার ঐতিহ্যের সংরক্ষণ সুনিশ্চিত হবে, তেমনই ক্রিকেট আকৃষ্ট করবে সংস্কৃতপ্রেমী মানুষজনকেও।












Click it and Unblock the Notifications