Faf du Plessis: ফাফকে রেখেই টি ২০ বিশ্বকাপের দল গড়তে পারে দক্ষিণ আফ্রিকা! কথা চলছে, মানলেন বিরাটের অধিনায়ক
Faf du Plessis: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেন। যদিও দক্ষিণ আফ্রিকা একবারও টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি।
আগামী টি ২০ বিশ্বকাপেই সেই ট্রফির খরা মেটাতে চাইছে প্রোটিয়ারা। হেড কোচ রব ওয়াল্টার ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দু প্লেসির বয়স এখন ৩৯ বছর। ২০২০ সালের পর দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছেন। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিকেও দেখা যায়নি তাঁকে। যদিও সাদা বলের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসরও নেননি।
বিশ্বের নানা প্রান্তে অবশ্য চুটিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন দু প্লেসি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তনী এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। তিনিই এবার ইঙ্গিত দিলেন সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের। বিশেষ করে টি ২০ বিশ্বকাপে তাঁকে খেলতে যে দেখা যেতে পারে সেই আভাস নিজেই দিলেন।
২০২১ সালে সিএসকের আইপিএল জয়ে অবদান রাখা দু প্লেসিকে ২০২২ সালের নিলাম থেকে কেনে আরসিবি। দুই মরশুমে তিনি ১১৯৮ রান করেছেন। ওপেন করতে নেমে চলতি বছরের আইপিএলে দু প্লেসি ১৪ ম্যাচে ৭৩০ রান করেছেন। আটটি অর্ধশতরান-সহ। ইতিমধ্যেই প্রোটিয়া কোচ জানিয়েছেন, দু প্লেসির জন্য দরজা বন্ধ হয়নি।
আবু ধাবি টি ১০ লিগ খেলার ফাঁকে দু প্লেসি বলেন, আমি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি। কয়েক বছর ধরে কথাবার্তাও হচ্ছে। আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারসাম্য দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হেড কোচের সঙ্গেও কথা হয়েছে। কিছুদিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে জানান দু প্লেসি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য শারীরিকভাবে নিজেকে তৈরি রাখতে কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, যতদিন সম্ভব প্রিয় খেলা যাতে চালিয়ে যেতে পারি তার জন্য শরীরের দিকে নজর দিচ্ছি। বয়স বাড়লে যে ধরনের কঠোর পরিশ্রম দরকার সেটাই করছি। নাহলে হ্যামস্ট্রিং-সহ কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিতে দ্রুত দৌড়ানো-সহ বিভিন্ন বিষয় সুনিশ্চিত করতেই হয়।
উল্লেখ্য, দু প্লেসি ৫০টি টি ২০ আন্তর্জাতিকে ১টি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরি-সহ ১৫২৮ রান করেছেন। টি ২০-তে ৩৪৭টি ম্যাচে ৯৪৪৮ রান রয়েছে, ৫টি শতরান ও ৬২টি অর্ধশতরান রয়েছে তাঁর নামের পাশে।












Click it and Unblock the Notifications