ধোনির ট্রাম্প কার্ড হয়ে উঠলেন ডু প্লেসি, তছনছ করে দিলেন হায়দরাবাদের স্বপ্ন
ক্যাপ্টেন কুলের মান রেখে একার হাতে দলকে প্লে অফের ফাইনালে তুলে দিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ডু প্লেসি।
এদিনের হায়দরাবাদ ম্যাচের আগে গ্রুপ লিগে মাত্র ৪টি ম্যাচে তাঁকে খেলিয়েছিলেন ধোনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি করেছিলেন মাত্র ৮৫ রান। মিডল অর্ডারে খেলতে হচ্ছিল। ফলে রান পাচ্ছিলেন না। তবে এদিন কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ডু প্লেসিকে খেলালেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবং ক্যাপ্টেন কুলের মান রেখে একার হাতে দলকে প্লে অফের ফাইনালে তুলে দিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

মাত্র ৪২ বলে ম্যাচ জেতানো ৬৭ রান করে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুললেন ডু প্লেসি। একসময়ে একশো রানের আগেই ৭ উইকেট খুইয়ে বসেছিল চেন্নাই। চেন্নাই জিতবে তা বোধহয় বড় সমর্থকও ভাবতে পারেননি। ডু প্লেসি মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেন।
শ্যেন ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম কয়েক ওভার ব্যাটই পাননি তিনি। একে একে ওয়াটসন, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভোরা যখন ফিরে যাচ্ছেন, উইকেটের অন্যপ্রান্তে তখন দর্শকের ভূমিকায় ডু প্লেসি।
শেষ তিন ওভারে বাকী ছিল ৪৩ রান। হাতে ৩ উইকেট। এখান থেকে ১৮তম ওভারে কার্লোস ব্রেথওয়েটের বলে ২০ রান নেন ডু প্লেসি। ১৯তম ওভারে কউলের বলে ১৭ রান ওঠে। ব্যস। এই দুই ওভারই ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ছিল ৬ রান। ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়েন ডু প্লেসি।












Click it and Unblock the Notifications