Sourav Ganguly Exclusive: বিশ্বকাপের সেরা দুই মুহূর্ত খোলসা করলেন সৌরভ, বেছে নিলেন সবচেয়ে পছন্দের কোন ইনিংস?
Sourav Ganguly Exclusive: ১৯৮৩ সালের পর ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল। মহারাজ খেলেছেন তিনটি বিশ্বকাপ।
আজ কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে প্রাক্তন ভারত অধিনায়ক ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে জানালেন বিশ্বকাপে তাঁর পছন্দের কয়েকটি মুহূর্ত। সঙ্গে অবশ্যই বিশ্বকাপে খেলা তাঁর সেরা ইনিংসটিও।

সচিন তেন্ডুলকর (৪৫ ম্যাচে ২২৭৮), বিরাট কোহলি (২৬ ম্যাচে ১০৩০) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (২১ ম্যাচে ১০১৩) ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের ৫০ ওভারের বিশ্বকাপে ১ হাজারের উপর রান নেই। সৌরভ ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে খেলেছেন। ২১ ইনিংসে তিনবার অপরাজিত থেকে ৫৫.৮৮ গড় ও ৭৭.৫০ স্ট্রাইক রেট রেখে তিনি ১০১৩ রান করেছেন। শতরান চারটি, অর্ধশতরান তিনটি।
১৯৯৯ সালের বিশ্বকাপ সৌরভের কেরিয়ারে প্রথম বিশ্বকাপ। সেবার ৭ ম্যাচে ৩৭৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ ছিলেন রাহুল দ্রাবিড় ও স্টিভ ওয়ার পরেই। ১টি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ ছিলেন সচিনের পরেই। ১১ ম্যাচে ৪৬৫ রান করেন। তিনটি শতরান হাঁকিয়েছিলেন।
২০০৭ সালের বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছিল ভারত। সেবার সৌরভ ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন। ৩ ম্যাচে করেন ১৬২, ২টি অর্ধশতরান-সহ। বীরেন্দ্র শেহওয়াগ মাত্র ২ রান বেশি করেছিলেন সৌরভের চেয়ে। সৌরভ আজ ওয়ানইন্ডিয়াকে বলেন, বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতি রয়েছে। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা।

২০০৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে সৌরভ তিনে নেমে কেনিয়ার বিরুদ্ধে ১১৪ বলে ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরা। তার আগে দ্বিতীয় সুপার ম্যাচে কেনিয়ার বিরুদ্ধেই ১২০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন। লিগ পর্বের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সৌরভ ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। সচিন ১৫২ করে হন ম্যাচের সেরা।
#OnThisDay
— BCCI (@BCCI) May 26, 2020
Sourav Ganguly (183) and Rahul Dravid (145) registered a mammoth 318-run partnership for the 2nd wicket against SL in the 1999 World Cup at Taunton. This was the first time that a 300-run partnership was witnessed in ODIs. pic.twitter.com/MoX47EZUsw
১৯৯৯ সালে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী শতরান হাঁকিয়েছিলেন সৌরভ। ওপেন করতে নেমে ১৭টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ১৫৮ বলে ১৮৩ রান করেছিলেন। সেই ম্যাচে তিনে নেমে রাহুল দ্রাবিড় করেছিলেন ১২৯ বলে ১৪৫। সৌরভ ও রাহুল দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ৩১৮ রানের পার্টনারশিপ। সৌরভ হন ম্যান অব দ্য ম্যাচ।
এই ইনিংসকেই বিশ্বকাপে নিজের সেরা অন্যতম সেরা মুহূর্ত তথা সেরা ইনিংস হিসেবে সৌরভ বেছে নিয়েছেন। রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ করার পিছনে কাজ করেছিল সৌরভের মস্তিষ্ক। তখন তিনি বিসিসিআই সভাপতি। রাহুলের কোচিংকে কোনও মাপকাঠিতে বিচার করতে নারাজ মহারাজ। বিশ্বকাপের জন্য দ্রাবিড় ও টিমকে শুভেচ্ছা জানালেন। ব্যাট ভালো করলেই সাফল্য আসবে, নিশ্চিত সৌরভ।












Click it and Unblock the Notifications