পঞ্চম টি-টোয়েন্টিতেও টসে হার বিরাটের, ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, অবশেষে বাদ রাহুল
ভারতের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
টানা পঞ্চম টি-টোয়েন্টিতেও টসে হেরে গেলেন বিরাট কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জয় হাসিল করা সহজ কাজ হবে বলে মনে করেন অধিনায়ক ইয়ন মর্গ্যান। উল্লেখ্য গত চার ম্যাচের তিনটিতে বাজিমাত করেছে পরে ব্যাট করা দল।

এই ম্যাচের আগে পর্যন্ত ভারত এবং ইংল্যান্ড সিরিজে দুটি করে টি-টোয়েন্টি জিতেছে। অর্থাৎ আজকের ম্যাচ যে দল জিতবে, তারা সিরিজে কব্জা করবে। উল্লেখ্য গত ম্যাচেও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু তা বুমেরাং হয়ে ব্রিটিশদের দিকে ফিরে যায়। আগে ব্যাটিং করে বড় রান খাড়া করে বিরাট কোহলি শিবির। সেই লক্ষ্য পেরোতে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড।
সিরিজের চতুর্থ ম্যাচে ভারত যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেই দলে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। গত চার ম্যাচে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারা কেএল রাহুলকে আজ বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে টি নটরাজনকে একাদশে রেখে তিন পেসারে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলি শিবির। অন্যদিকে গত ম্যাচ হেরে গেলেও আজ দল অপরিবর্তি রেখেছে ইংল্যান্ড।
ভারতের একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্র্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার, টি নটরাজন।
ইংল্যান্ডের একাদশ : জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।












Click it and Unblock the Notifications