India vs England: ভারত সফরের অভিনব প্রস্তুতি ইংল্যান্ডের, UAE-তে অনুশীলনের ব্যবস্থাপনা চমকপ্রদ
India vs England: চলতি মাসেই ভারত সফরে আসছে ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ খেলতে। আগেই জানা গিয়েছিল রাঁধুনি নিয়েই এ দেশে আসবেন বেন স্টোকসরা। এবার এই সফরের জন্য অভিনব প্রস্তুতির কথাও জনসমক্ষে এলো।
অনেক সময়ই দেখা গিয়েছে, যখন কোনও দল বিদেশ সফরে যায় তখন প্রস্তুতির পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকে। ফলে অতিরিক্ত সতর্ক হয়েই ইংল্যান্ড যে ধরনের প্রস্তুতি-পরিকল্পনা করেছে তা কার্যত নজিরবিহীন।

হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু জানুয়ারির ২৫ তারিখ থেকে। তার মাত্র তিন দিন আগে এ দেশে পৌঁছবে ইংল্যান্ড। যা শুনে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। বিদেশ সফরে পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। সেখানে মাত্র ৩ দিন পর্যাপ্ত যে নয়, সেটাই সকলেই মনে করছেন। যদিও চমক এখানেই।
ভারতে আসার আগে ইংল্যান্ড প্রস্তুতি নেবে সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানকার ব্যবস্থাপনা বিশ্বমানের। চমকপ্রদও বটে। ভারত যে ঘূর্ণি পিচেই বাজবল মোকাবিলার রণকৌশল সাজাবে, সেটা ধরেই নিচ্ছে ইংল্যান্ড। প্রথম ওভার থেকে বল ঘোরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। আর তা সামলাতেই বিশেষ প্রস্তুতি নেবে স্টোকস-বাহিনী।
ভারতে আসার আগে সংযুক্ত আরব আমিরশাহীতে ৯ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তাও আবার যে-সে প্রস্তুতি নয়। অন্তত তেমনটাই দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ভারতের কন্ডিশনের উপযুক্ত সবরকম ব্যবস্থাপনাই থাকছে সেখানে। বিশ্বমানের এই ট্রেনিং ফেসিলিটি রয়েছে আবু ধাবিতে।
ভারতীয় দলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যা যা দরকার তার সব কিছুই রয়েছে আবু ধাবিতে। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনারের ভাষায়, এমন ব্যবস্থাপনা অভূতপূর্ব, না দেখলে বিশ্বাস করা যায় না। যা প্রয়োজন সবই মিলবে এখানে। ধরা যাক গ্রাউন্ডসম্যানকে বলা হলো, ভারতে ধরা যাক কোনও টেস্ট ৯ দিন ধরে চলছে, কিছুক্ষণের মধ্যেই তেমন উইকেট তৈরি করে দেওয়া হচ্ছে।
বোলারের স্পাইকে কোনও পিচ টানা ৯ দিন ধরে খেলার পর যেমন অবস্থায় পৌঁছয় তেমন উইকেটে ভারতে কোন পরিস্থিতিতে পড়তে হবে, সেই মোতাবেক অনুশীলনেরও সুযোগ থাকছে। যেভাবে পছন্দসই নানা চরিত্রের উইকেট তৈরি করা হচ্ছে তা তাঁর সময়ে হলে অনেক সুবিধা বলে উল্লেখ করে সোয়ান বলেন, বিশ্বের আর কোথাও এমন পরিকাঠামো নেই।
ইংল্যান্ডের প্রস্তুতি নিয়ে যাঁদের সংশয় রয়েছে নিজেকে তাঁদের মধ্যে রাখছেন না সোয়ান। ভারতে প্রস্তুতি ম্যাচ খেলে টেস্টে নামতে হলে যেমন ধরনের প্রস্তুতি থেকে, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়ে ইংল্যান্ড ভারতে পৌঁছবে বলে নিশ্চিত তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যবস্থাপনার যে তথ্য দেওয়া হয়েছে তা রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
রিপোর্টে উল্লেখ, দুবাইয়ে চারটি মাঠে ৬৫টি পিচ রয়েছে। ২২ আউটডোর টার্ফ রয়েছে যেখানে পুরো ভারতের মতোই রকমারি পিচের বন্দোবস্ত থাকছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পয়েন্ট তালিকায় অনেক নীচে থাকা থ্রি লায়ন্সের জন্য। ফলে এই সিরিজ জিতে ফেরার লক্ষ্যে প্রস্তুতিতে খামতি রাখছে না ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications