Ind Vs Eng: কঠিন টার্গেট তাড়া করে অনায়াস জয় ইংল্যান্ডের, প্রথম টেস্টেই কঠিন প্রশ্নের মুখে অধিনায়ক গিল
রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে বেন ডাকেটের ১৪৯ রানের ওপর ভর করে ইংল্যান্ড তাঁদের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করে ভারতের বিরুদ্ধে হেডিংলে টেস্ট অনায়াসে জিতে নিল। ভারতের দুর্বল ফিল্ডিং এবং টেল এন্ডার ব্যাটিং ব্যর্থতার কারণে শুভমান গিল হেডিংলেয় অধিনায়কত্বের অভিষেকেই পরাজয়ের স্বাদ পেলেন। পাঁচ উইকেটে হেডিংলে টেস্ট হেরে সিরিজ শুরু করল শুভমান গিলের নতুন ভারত।
টেস্টে অধিনায়ক হিসেবে শুভমান গিলের অভিষেক ছিল অগ্নিপরীক্ষার শামিল। ভারত ম্যাচটি জিততে পারত। যেভাবে ভারত ব্যাটিং শুরু করেছিল দুই ইনিংসেই, তাতে বলা ভালো জেতা উচিত ছিল। দুই ইনিংস মিলিয়ে ৮০০-এর বেশি রান করা, দলের চারজন ব্যাটসম্যানের শতরান এবং পেস আক্রমণের প্রধান বোলার জসপ্রীত বুমরাহের পাঁচ উইকেট নেওয়া। সবই ভারতের পক্ষে ছিল।

তবে বিপক্ষে গেল বেশ কতগুলি কারণ। আর ম্যাচ হারায় সেগুলিই বড় হয়ে দেখা দিল। টেল এন্ডারদের উইকেটে টিকে ব্যাট করতে না পারা। বুমরাহ ছাড়া বাকি বোলারদের উইকেট তুলতে না পারা এবং প্রথম ইনিংসে পরপর ক্যাচ মিস। এই তিন কারণই ভারতকে সিরিজের শুরুতেই ০-১ ব্যবধানে পিছিয়ে দিল।
এদিন পঞ্চম দিনে যেভাবে ইংল্যান্ড ৩৭১ রানের কঠিন টার্গেট তাড়া করে খুব সহজেই জিতল তাতে বাকি সিরিজে ভারতের জন্য অনেক দুঃখ অপেক্ষা করে রয়েছে। 'বাজবল’ ক্রিকেট খেলে ইংল্যান্ড টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে ১-০ তে এগিয়ে গেল। ভারত যেখানে গুরুত্বপূর্ণ মুহূর্তে কয়েকটি ভুল করে নিজেদের বিপদ ডেকে এনেছে, সেখানে ইংল্যান্ড নিজেদের সেরাটা দিয়ে সিরিজে এগিয়ে গেল।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট ম্যাচে শুভমান গিল যে শিক্ষা পেলেন তা বাকি সিরিজে কাজে লাগালে ভারত এগোতে পারবে। নাহলে ব্যক্তিগত দক্ষতায় ইংল্যান্ডে ম্যাচ বের করা যাবে না। গিল ছাড়াও এই টেস্টে কেএল রাহুল অনবদ্য শতরান করেছেন। দুই ইনিংসেই শতরান করেন ঋষভ পন্থও। তবে সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল মোক্ষম সময়ে দলগত ব্যর্থতা।
বোলিংয়ে প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ ছাড়া বাকি বোলাররা ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ইনিংসে বুমরাহ উইকেট পাননি। ভারতও ইংল্যান্ডকে বেঁধে রাখতে পারল না। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ বুমরাহকে যোগ্য সহায়তা করতে ব্যর্থ হয়েছেন। শার্দুল ঠাকুরকে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়ার সিদ্ধান্তও ব্যর্থ হয়েছে। এখন দেখার দ্বিতীয় টেস্টে ভারত এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা।
গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত প্রথম এগারোটি টেস্টের মধ্যে ছয়টিতে হারল। এই অবস্থায় সারা টেস্ট সিরিজে অসম্ভব চাপে থাকবেন ভারতের হেড কোচও।












Click it and Unblock the Notifications