ভারতকে সাবধানবাণী! এই উইকেট 'আপরুট' করার লক্ষ্যে জো রুট
ভারতকে সাবধানবাণী! এই উইকেট 'আপরুট' করার লক্ষ্যে জো রুট
শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে আত্মবিশ্বাসী জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। চেন্নাইয়ে শততম টেস্ট খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক। স্বাভাবিকভাবেই স্মরণীয় করে রাখতে চাইবেন এই মাইলস্টোন। শ্রীলঙ্কা সফরের দলের চেয়ে ভারত সফরের ইংল্যান্ড দল আরও বেশি শক্তিশালী হয়েছে বেন স্টোকস, জোফ্রা আর্চার দলের সঙ্গে যোগ দেওয়ায়। রুট বিলক্ষণ জানেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) পয়েন্টের বিচারে শীর্ষে থাকা ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধে এই সিরিজেরই উপর নির্ভর করে রয়েছে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পারার বিষয়টি। যদিও কাজটি সহজ নয়। তবু জমি ছাড়তে নারাজ ইংল্যান্ড অধিনায়ক।

কাজটা সহজ করতে ইংল্যান্ড শিবির টার্গেট করছে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) উইকেট। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপকে আরও মজবুত করে পূজারার ব্যাটিং। ইয়র্কশায়ারে পূজারার সতীর্থ রুট আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, পূজারা দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করতে পারেন। তাঁর ব্যাটিং দেখে আমিও শিক্ষা নিয়েছি, তাঁর সঙ্গে কথা বলে ব্যাটিংয়ের বিষয়ে অনেক কিছু জেনেওছি। খেলার প্রতি তাঁর ভালোবাসা, ডেডিকেশন সত্যিই দেখার মতো। বিপক্ষ দলে থেকেও অনেক কিছু শেখা যায়। আমাদের বিরুদ্ধে পূজারার রেকর্ড ভালো। বোলারদের কাছে তাই পূজারার উইকেটটা তুলে নেওয়ার চ্যালেঞ্জটাই বড় হতে চলেছে। পাশাপাশি তিনি যে ধৈর্য্য সহকারে দীর্ঘক্ষণ ব্যাটিং করেও মানসিকভাবে ক্লান্ত হন না, তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও উইকেট আঁকড়ে থাকতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালে মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করার পর ২০১৬-১৭ মরশুমেও ঘরের মাঠে টেস্ট সিরিজে তাদের বিরুদ্ধে ৫০-এর উপর গড় রেখে ৪০১ রান করেন পূজারা। পূজারার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে লড়াই সামলানোরও প্রস্তুতি নিয়েছেন রুট। সমীহ করলেও মাথায় চড়তে দেবেন না। রুট এদিন জানান, ভারতের বিরুদ্ধে আমার রান আছে, আবার অশ্বিনের বলে আউটও হয়েছি। যেমন বল অশ্বিন করবেন তেমনভাবেই মোকাবিলা করব, তবে দ্বৈরথ উপভোগ্য হবে। শ্রীলঙ্কা সফরে আমি নিজের ব্যাটিংয়ের দিকে জোর দিয়েছিলাম। জানি আমি বড় রান পেলে দলের কাজেই লাগবে। কম ঝুঁকি থাকায় শ্রীলঙ্কার পর ভারতেও স্পিনারদের বিরুদ্ধে স্যুইপ শটের উপরই যে ইংল্যান্ড বোলাররা জোর দিচ্ছেন তার ইঙ্গিত মিলেছে রুটের কথায়।
রুট অনেকটা ভরসা করছেন জোফ্রা আর্চারের উপরও। ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি সাবধানবাণী দিয়ে তিনি বলছেন, নেটে যেভাবে বিদ্যুৎ গতিতে বোলিং করছেন আর্চার তাতে আমিও অনুশীলনে তাঁকে সামলাতে অস্বস্তি বোধ করছি। ভারতীয় ব্যাটসম্যানদেরও আর্চারকে সামলানোর কাজ কঠিন হবে বলেই মনে করেন রুট।












Click it and Unblock the Notifications