লর্ডসে ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতির চেষ্টার অভিযোগ, দিনের শেষে চাপে ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট লর্ডসে। ঘটনার ঘনঘটা। গতকাল মাঠে ঢুকে পড়েছিলেন ইংরেজ-ভক্ত ভারতের টিম জার্সি পরে, দর্শকাসন থেকে লোকেশ রাহুলের দিকে উড়ে এসেছিল শ্যাম্পেনের কর্ক। আর আজ একেবারে বল বিকৃতির অভিযোগ। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে চতুর্থ দিনের শেষে চাপে বিরাট কোহলির ভারত। স্বাধীনতা দিবসে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার ফর্ম নিয়ে কিছুটা স্বস্তি মিললেও শেষ সেশনে তিন উইকেট হারানোয় অস্বস্তিতে বিরাটরা। হাতে চার উইকেট, লিড অন্তত দুশো পার করতে ভরসা ঋষভ পন্থ।

বল বিকৃতির অভিযোগ

ঘটনা ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারে। বল করছিলেন অলি রবিনসন। হঠাৎই টিভিতে দেখা যায় দুই ক্রিকেটার, যাঁদের মুখ দেখানো হয়নি, তাঁরা ডিউক বল নিয়ে ফুটবল খেলছেন। এরপরই জুতোর স্পাইক দিয়ে বলটিকে চেপে ধরতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই মুহূর্ত। অভিযোগ ওঠে ভারতের বিরুদ্ধে শেষ অবধি বল বিকৃতির আশ্রয় নিতে হচ্ছে জো রুটের দলকে! যদিও এই ঘটনার পর খেলায় কোনও বিভ্রাট আসেনি। স্বাভাবিকভাবে খেলা চলে। এমনকী দিনের খেলা শেষ হওয়া অবধি ভারতীয় দলের তরফেও ম্যাচ রেফারির কাছে কোনও অভিযোগ জানানো হয়নি।

সরব প্রাক্তনরা

তবে এই ঘটনা যে খুব সামান্য নয় তা বোঝা গিয়েছে বীরেন্দ্র শেহওয়াগ, আকাশ চোপড়ার মতো প্রাক্তনরা ঘটনাটি নিয়ে টুইট করায়। বীরেন্দ্র শেহওয়াগ টুইটারে লেখেন, এ সব কী হচ্ছে! এভাবে ইংল্যান্ড বল বিকৃতি করছে নাকি কোভিড পরিস্থিতিতে সতর্কতামূলক কোনও ব্যবস্থা করছে? ইংল্যান্ডের ক্রিকেটারদের এই প্রয়াস বল বিকৃতি কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন আকাশ চোপড়া। ক্রিকেটপ্রেমীরা সোজাসুজি দাবি জানান, এই ঘটনার তদন্ত করা উচিত আইসিসি ও ইসিবি-র।

ব্রডের সাফাই

যদিও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর দাবি, এটা একেবারেই বল বিকৃতি নয়। কয়েকজন স্টুয়ার্ট ব্রডের কাছে গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই দুই ক্রিকেটার নাম প্রকাশ করেছেন ব্রড। ব্রডের টুইটে জানা গিয়েছে ওই দুই ক্রিকেটার হলেন ররি বার্নস ও মার্ক উড। ব্রডের কথায়, এভাবে একজন ক্রিকেটারের অপর ক্রিকেটারের দিকে বল বাড়ানো নতুন কিছু নয়। বলে কিক মারতে না পারাটা নিছক দুর্ঘটনা। ইচ্ছা করে কেউ এটা করেননি। খেলাও স্বাভাবিকভাবে হয়েছে। আর যদি এই ঘটনার প্রেক্ষিতে আম্পায়ারকে বল পরীক্ষাই করতে হতো, তাহলে বল বিকৃতি ঘটেছে কিনা সেটা দেখতে প্রতি ছক্কার পরই বল পরীক্ষা করার দরকার! ব্রড এমন যুক্তি সাজালেও স্টিভ স্মিথ থেকে শুরু করে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি দিয়ে নানা মিমও ঘুরতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

চাপে ভারত

এদিকে, প্রথম সেশনে তিনটি উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ভারতের একটি উইকেটও পড়েনি। তৃতীয় সেশনে যদিও আরও তিনটি উইকেট পড়ায় ভারতের ব্যাটিং লেজ ধরে ফেলেছে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৬ উইকেটে ১৮১, লিড ১৫৪ রানের। একশো রানের পার্টনারশিপ গড়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। ২৮০ মিনিট ক্রিজে থেকে ২০৬ বলে ৪৫ রানে আউট হন পূজারা, মার্ক উডের বলে। ২৩৮ মিনিট ক্রিজে থাকার পর ১৪৬ বলে ৬১ রানে আউট হন রাহানে। মঈন আলির বলে তিনি কট বিহাইন্ড হন। পাঁচ বলে তিন রান করে আলির বলেই বোল্ড হন চেন্নাই সুপার কিংসের সতীর্থ রবীন্দ্র জাদেজা। ১৭৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে ভারতের। মেঘলা আকাশ থাকায় আলো জ্বেলে খেলা চলছিল। আলির সঙ্গে হাত ঘোরাচ্ছিলেন জো রুট। মার্ক উডের ফিল্ডিং করার সময় কাঁধে চোট লেগেছিল। তিনি ব্যান্ডেজ বেঁধে নামতেই নতুন বল নিতে চান রুট। এরপরই আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। ২৯ বলে ১৪ রানে ঋষভ পন্থ ও ১০ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন ইশান্ত শর্মা। তবে উইকেটের যা চরিত্র তাতে কাল বৃষ্টিতে খেলা ব্যাহত না হলে চাপে ভারতই। বিশেষভাবে রবিচন্দ্রন অশ্বিনের অভাব অনুভূত হবে।

(ছবি- বীরেন্দ্র শেহওয়াগের টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+