টি-টোয়েন্টির থ্রিলিং ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ রানে হার ইংল্যান্ডের
টি-টোয়েন্টির থ্রিলিং ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ রানে হার ইংল্যান্ডের
থ্রিলার ম্যাচে অবশেষে জয়ী হল দক্ষিণ আফ্রিকা। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইয়ন মর্গ্যানদের ১ রানে হারালেন কুইন্টন ডি ককরা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন প্রোটিয়ারা। চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিং করলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি।

টসে জিতল ইংল্যান্ড
ইস্টার্ন কেপের ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হোম টিমের হয়ে ২৭ বলে ৪৩ রান করেন ওপেনার টেম্বা বাভুমা। ১৫ বলে ৩১ রান করেন দলের দ্বিতীয় ওপেনার তথা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ক্রিস জর্ডন। একটি করে উইকেট নেন মইন আলি, টম কুরান, মার্ক উড, আদিল রশিদ ও বেন স্টোকস।

ইংল্যান্ডের জবাব
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ইংল্যান্ড। দলের ওপেনার তথা উইকেটরক্ষক জোস বাটলার ১৫ রানে সাজঘরে ফিরে গেলেও তাঁর সঙ্গী জেসন রয় ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অধিনায়ক ইয়ন মর্গ্যানের ৩৪ বলে ৫২ রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। যদিও ম্যাচে মাত্র ১ রানে হেরে যান ব্রিটিশরা।
|
১৩২/২ থেকে পরাজয়
একটা সময় ২ উইকেট হারিয়ে ১৩২ রানে খেলছিল ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানদের জয় প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকেই ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। একটা সময় ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭ বলে ৭ রান। তাদের হাতে ছিল পাঁচ উইকেট। সেখান থেকেই ম্যাচে পালা পরিবর্তন হয়। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির অফ কাটারের শিকার হন বেন স্টোকস, মইন আলি ও টম কুরান। ২০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ১৭৬ রানে আটকে যায় ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বোলিং
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন ম্যাচের নায়ক লুঙ্গি এনগিদি। ২টি করে উইকেট নেন আন্দিলে ফেহলুকোয়াও ও বেউরান হেন্ডরিকস। ৪ ওভারে ৩৩ রান দিলেও জোস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট নেন অভিজ্ঞ ডেল স্টেইন।












Click it and Unblock the Notifications