ভারত-ইংল্যান্ড টেস্ট: অশ্বিনের শিকার বার্নস, বুমরার লরেন্স, চেন্নাইয়ে চাপে ইংল্যান্ড লাঞ্চে ৬৭/২
চেন্নাইয়ের চিপকে চলছে ভারত-ইংল্যান্ড (India-England Test) প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ৬৭। সিবলে ২৬ ও রুট ৪ রানে ক্রিজে রয়েছেন।

এদিন প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি জো রুটের দল। শুরু থেকেই সাবধানী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার ডমিনিক সিবলে ও ররি বার্নস। তবে ম্যাচে যশপ্রীত বুমরার প্রথম বলেই বার্নসের সাজঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দি করতে পারেননি উইকেটকিপার ঋষভ পন্থ। ম্যাচের ২৪তম ওভারের পঞ্চম বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে কট বিহাইন্ড হন বার্নস। অশ্বিনের বলে তিনি সাজঘরে ফেরেন ৩৩ রান করে। ইংল্যান্ডের স্কোরবোর্ডে আর রান যোগ হওয়ার আগে ২৬ তম ওভারের চতুর্থ বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন ড্যান লরেন্স। বুমরার বলে তিনি লেগ বিফোর হন। ২০১৮ সালে কেপটাউনে অভিষেকের পর এই প্রথম দেশের মাটিতে টেস্ট খেলছেন বুমরা।
হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। গতকাল অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে দলে নেওয়া হয়েছে। তাঁরা চেন্নাইয়ে দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে অনুশীলন করছিলেন। নাদিম প্রথম একাদশে রয়েছেন।
এর আগে চেন্নাইয়ে টেস্টে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৯ বার। ইংল্যান্ড জিতেছে তিনবার। শেষ তিন পারস্পরিক সাক্ষাৎ-সহ পাঁচবার জিতেছে ভারত। একটি টেস্ট ড্র হয়েছিল। ২০১৬ সালে শেষবার চেন্নাই টেস্টে দুই দল মুখোমুখি হয়। করুণ নায়ারের অপরাজিত ৩০৩ রানের সুবাদে ইনিংস ও ৭৫ রানে জেতে ভারত (Indian Cricket Team)। ১৯৮৪-৮৫ মরশুমের পর এই মাঠে টেস্ট জেতেনি ইংল্যান্ড। ভারতে অভিষেক ও ৫০তম টেস্ট খেলার পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট শততম টেস্ট খেলছেন।
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা।
ইংল্যান্ড: জো রুট (অধিনায়ক), ডমিনিক সিবলে, ররি বার্নস, ড্যান লরেন্স, বেন স্টোকস, অলি পোপ, জস বাটলার (উইকেটকিপার), ডম বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।












Click it and Unblock the Notifications