ট্রেন্ট ব্রিজ টেস্টে টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড, ভারতের প্রথম একাদশে বিরাট পরিবর্তন
ট্রেন্ট ব্রিজে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে। পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারত চার পেসারে নামলেও দলে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে।

এগারোয় পরিবর্তন
শুভমান গিল ও ময়াঙ্ক আগরওয়ালের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। যিনি ২ বছর পর টেস্টের প্রথম একাদশে থাকার সুযোগ পেলেন। ওই বছর অগাস্টের শেষে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্ট খেলেছিলেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম একাদশ থেকে এই টেস্টে বাদ পড়েছেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। ইশান্তের ফিটনেস সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। প্রথম একাদশে এসেছেন শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ। দলে একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ডের অলি পোপ। তাঁর জায়গায় দলে এসেছেন জনি বেয়ারস্টো। খেলছেন স্যাম কারান। জ্যাক লিচ না থাকায় ইংল্যান্ডের প্রথম একাদশে কোনও বিশেষজ্ঞ স্পিনার নেই। প্রয়োজনে হাত ঘোরাবেন অধিনায়ক জো রুট।

টস হেরেই চলেছেন বিরাট
বিরাট কোহলি এই নিয়ে ইংল্যান্ডে টানা সাতটি টেস্টে টস হারলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে লিখছেন, বিরাট নিজের ফর্ম ধরে রেখেছেন। ফের তিনি টস হারলেন। টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ট্রেন্ট ব্রিজের প্রথম সেশন ব্যাটসম্যানদের পক্ষে চ্যালেঞ্জিং। নটিংহ্যামে গ্যালারিতে প্রচুর দর্শক রয়েছেন। দর্শকদের সামনে খেলতে পেরে খুশি বিরাট জানান, প্রতিকূল পরিস্থিতিতেই সেরা পরীক্ষা দিতে প্রস্তুত তাঁর দল।
|
অশ্বিন বাইরে
যদিও অনেককেই অবাক করছে ভারতের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়া। টসের আগে সুনীল গাভাসকরও বলছিলেন, যেহেতু অশ্বিন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর সারের হয়ে কাউন্টি খেলতে নেমেও উইকেটের মধ্যেই রয়েছেন, তাই ফর্মের নিরিখে এক স্পিনার নিয়ে নামতে হলে অশ্বিনকেই খেলানো উচিত। যদিও বিরাট কোহলি বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটেননি। এতে ভারত ও ইংল্যান্ডের প্রাক্তনদের মতো সাধারণ ক্রিকেটপ্রেমীরাও হতবাক অশ্বিনকে বাইরে রেখে জাদেজাকে খেলানোর সিদ্ধান্ত দেখে।
|
ভালো শুরু ভারতের
যদিও টেস্টের শুরুটা খারাপ হয়নি ভারতের। দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ররি বার্নসকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ। প্রথম ঘণ্টায় বোলিং করেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিই। দুজন ৬ ওভার করে করার পর প্রথম চেঞ্জ বোলার হিসেবে শুরু করেছেন মহম্মদ সিরাজ। প্রথম জলপানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৩ ওভারে ১ উইকেটে ২৯। তিনে নামা জ্যাক ক্রলি ২১ ও ডম সিবলি ৮ রানে ক্রিজে রয়েছেন।
ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের প্রথম একাদশ- ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, অলি রবিনসন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন












Click it and Unblock the Notifications