নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে বড় ধাক্কা মর্গ্যানের ইংল্যান্ডের, ছিটকে গেলেন তারকা ওপেনার
টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। যদিও তার আগেই বড় ধাক্কা খেল ইয়ন মর্গ্যানের দল। এবার কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তারকা ওপেনার জেসন রয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দৌড়ে রান নেওয়ার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন যন্ত্রণাকাতর রয়।

ম্যাচ শেষের পর রয়কে ক্রাচে ভর দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সঙ্গে হাতে মেলাতে দেখা যায়। তখনই আশঙ্কা করা হয়েছিল তাঁর চোটের যা অবস্থা তাতে টি ২০ বিশ্বকাপে আর খেলতে পারবেন না। তবুও ইংল্যান্ড শিবির রয়কে নিয়ে আশাবাদী ছিল। কিন্তু আজ স্ক্যান রিপোর্ট আসতেই দেখা গিয়েছে তাঁর কাফ ইনজুরি গুরুতর। জেসন রয় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জেমস ভিন্সকে পরিবর্ত হিসেবে দলে নেওয়ার যে আবেদন ইংল্যান্ড দলের তরফে করা হয়েছিল, তাতে সম্মতি দেয় আইসিসির টি ২০ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
মিডল অর্ডার ব্যাটার জেমস ভিন্স ১২টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। গত জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক খেলেছেন, বার্মিংহ্যামে ৯৫ বলে ১০২ রানও করেন। টি ২০ আন্তর্জাতিকে তাঁর সেরা স্কোর ৫৯ রান নিউজিল্যান্ডেরই বিরুদ্ধে। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরেই ইংল্যান্ডের হয়ে ভিন্স টি ২০ খেলেছেন। বিশ্বকাপে ইংল্যান্ড দলের সঙ্গেই তিনি ছিলেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। গত সপ্তাহেই উরুর চোটের কারণে টাইমাল মিলস বিশ্বকাপ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্ত হিসেবে রিস টপলিকে দলে নেয় ইংল্যান্ড। এবার রয় ছিটকে গেলেন। এমনিতেই চোটের কারণে বেন স্টোকস, জোফ্রা আর্চাররা বাইরে। তা সত্ত্বেও ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপে যেভাবে খেলছে তাতে তাঁদের অভাব অনুভূত হচ্ছে না। সুপার টুয়েলভে পাঁচটির মধ্যে চারটি ম্যাচেই জিতে গ্রুপ অব ডেথ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠেছে ইয়ন মর্গ্যানের দল। যদিও জেসন রয় ছিটকে যাওয়ায় এখন নতুন জুটির উপর ভরসা রাখতে হবে ইংল্যান্ডকে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে জনি বেয়ারস্টো বা লিয়াম লিভিংস্টোন ওপেনিংসে জস বাটলারের সঙ্গী হতে পারেন।
We’re all gutted for you @JasonRoy20 💔
— England Cricket (@englandcricket) November 8, 2021
We will carry on playing in the positive spirit that you embody.
If anyone can come back stronger, it’s you 🦁#T20WorldCup #EnglandCricket
রয় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৭ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। ভারতের কাছে ইংল্যান্ড হারলেও জিতেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে কিউয়িদের ১৩ রানে হারিয়েছিল মর্গ্যানের দল। এরপর সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ রানে আউট হন জেসন রয়। বাংলাদেশের বিরুদ্ধে করেন ৩৮ বলে ৬১। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে অবধি চারটি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২০ রান করেছিলেন রয়।












Click it and Unblock the Notifications