অস্ট্রেলিয়ায় অ্যাশেজের জন্য শক্তিশালী দল ঘোষণা ইংল্যান্ডের, নেই স্টোকস-কারান
অ্যাশেজ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ইংল্যান্ড। ১৭ সদস্যের দল নিয়ে অ্যাশেজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া পাড়ি দেবেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ পরাজয়ের পর ভারতের বিরুদ্ধে চারটি টেস্টে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা নিঃসন্দেহে ইংল্যান্ডের চিন্তার কারণ। নানা কারণে বেশ কয়েকজন তারকাকেও পায়নি থ্রি লায়ন্স। অ্যাশেজেও নেই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়া বেন স্টোকস। আইপিএল চলাকালীন সিএসকে দলে থাকা অলরাউন্ডার স্যাম কারানের ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। তিনি আইপিএল থেকে তো বটেই, টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার অ্যাশেজেও তিনি খেলতে পারবেন না।

পঞ্চমবার অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন ৩৯ বছরের জেমস অ্যান্ডারসন। অগাস্টের গোড়ায় ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই কাফ ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তাঁকে অ্যাশেজের দলে রাখা হয়েছে। অলি রবিনসন ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে এই প্রথম অস্ট্রেলিয়া যাবেন। জো রুটের দলের পেস অ্যাটাক মজবুত করতে রয়েছেন ক্রিস ওকস, ক্রেগ ওভার্টন, মার্ক উড। দুই স্পিনার জ্যাক লিচ ও ডম বেসকে দলে রাখা হয়েছে।

ব্যাটারদের মধ্যে মাত্র তিনজনেরই অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়ক জো রুট ছাড়া বাকি দুজন হলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ররি বার্নস ও হাসিব হামিদের সঙ্গে ব্যাক-আপ ওপেনার হিসেবে রাখা হয়েছে জ্যাক ক্রলিকে। ডম সিবলিকে অ্যাশেজের দলে রাখা হয়নি। মিডল অর্ডারে লড়াই ড্যান লরেন্স ও অলি পোপের মধ্যে। টি ২০ বিশ্বকাপ খেলার পর জস বাটলার অ্যাশেজ খেলতে যে সম্মত হয়েছেন তাতে খুশি ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। যে ক্রিকেটারদের পেয়েছেন তা নিয়ে বেশ আত্মবিশ্বাসীও তিনি। মঈন আলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। বেন স্টোকস, জোফ্রা আর্চার, অলি স্টোনদের ছাড়া অ্যাশেজে ইংল্যান্ডকে কঠিন চ্য়ালেঞ্জের মুখেই পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

দলের প্রায় অর্ধেক ক্রিকেটারেরই অ্যাশেজে খেলার অভিজ্ঞতা নেই। যদিও দল নিয়ে সন্তুষ্ট সিলভারউড। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের কাছে সেরা হল অ্যাশেজ। অস্ট্রেলিয়া সফরকে অত্যন্ত গুরুত্বও দেয় থ্রি লায়ন্স। নতুন ক্রিকেটাররা যে ইতিহাসের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন সে কথাও বুঝিয়ে দিয়েছেন সিলভারউড। ক্রিসমাসের আগে ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানরা দলের সঙ্গে থাকবেন। তাঁদের নিভৃতবাস সংক্রান্ত বিধি শিথিল হওয়াতেই অস্ট্রেলিয়া সফর নিয়ে জটিলতা কাটে। প্রথম টেস্ট ব্রিসবেনে, দ্বিতীয় দিন রাতের টেস্ট অ্যাডিলেডে। বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। ইংরেজি নতুন বছরে চতুর্থ টেস্ট হবে সিডনিতে। পঞ্চম টেস্ট পারথে হওয়ার কথা। কিন্তু এখনও নিশ্চয়তা নেই, সেই টেস্ট অন্যত্র সরতেও পারে। ইংল্যান্ডের অ্যাশেজ দলে রয়েছেন- জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনাথন বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেগ ওভার্টন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।












Click it and Unblock the Notifications