ভারতের বিরুদ্ধে পিছিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডকে আরও সমস্যায় ফেলল তারকা ফাস্ট বোলারের চোট
ভারতের বিরুদ্ধে পিছিয়ে থাকা সিরিজে ইংল্যান্ডকে আরও সমস্যায় ফেলল তারকা ফাস্ট বোলারের চোট
একে তো ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট হেরে বসে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তার মধ্যে তারকা ফাস্ট বোলারের চোট জো রুটদের যে আরও কিছুটা ব্যাকফুটে ঠেলে দেবে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাঁধের চোটের কারণে ভারতের বিরুদ্ধে লিডস টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ব্রিটিশ ফাস্ট বোলার মার্ক উড। পরিস্থিতি এমন যে প্রথম একাদশে তাঁর পরিবর্ত বাছতে বসে হোঁচট খেতে হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

ছিটকে গেলেন মার্ক উড
হেডিংলেতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টেস্টে মার্ক উডের না খেলার ব্যাপারটি ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে লর্ডসে হওয়া টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান মার্ক। চোটের প্রভাব বেশি থাকায় চলতি সিরিজের তৃতীয় ম্যাচে উড মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছে ইসিবি। প্রথম একাদশ থেকে সরে দাঁড়াতে হলেও দলের সঙ্গেই থেকে যাচ্ছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। দলের মেডিক্যাল সদস্যদের অধীনেই মার্ক উডের রিহ্যাবিলিটেশন চলবে বলে ইসিবি-র তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড দলে নতুন কোনও ফাস্ট বোলারকে ডেকে পাঠানো হয়নি। ফলে হে়ডিংলে টেস্টে সাকিব মাহমুদের অভিষেক অভিষেক হচ্ছে বলে খবর।

শূন্যতা দীর্ঘ হল
নটিংহ্যামে হওয়া ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেললেও কাফ মাসেলে চোটের কারণে লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ম্যাচে ব্রডের পরিবর্তেই ইংল্যান্ডের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন মার্ক উড। টেস্টের দুই ইনিংস মিলিয়ে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। বিশেষ করে ভারতীয় ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ৩১ বছরের ডান হাতি ফাস্ট বোলার। এই প্রথম নয়, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কনুইয়ের পুরনো চোটের বাড়বাড়ন্তের জেরে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চার। পেসার অলি স্টোন এবং ক্রিস ওকস যথাক্রমে পিঠ ও গোড়ালির চোটে কাবু। ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্যের কারণ দর্শীয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনুপস্থিত রয়েছেন অল রাউন্ডার বেন স্টোকসও। কনকাশনে থাকায় হে়ডিংলে টেস্টে ক্রেগ ওভারটনকেও খেলাতে পারবে না ইংল্যান্ড ক্রিকেট দল।

জেতা ছাড়া উপায় নেই
লডর্স টেস্টে জাঁকিয়ে বসেও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট দলকে ভুগিয়েছে ব্যাটিং বিপর্যয়। একই সঙ্গে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে জেমস অ্যান্ডারসন, জস বাটলার, অলি রবিনসনরা যে পরিকল্পনামাফিক পারফরম্যান্স করতে পারেননি, তা মেনে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। একই সঙ্গে হেডিংলে টেস্টে তিনি ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। জেতা ছাড়া কোনও উপায়ও নেই ইংল্যান্ডের কাছে। তৃতীয় টেস্ট ড্র হলে বা ভারত জিতে গেলে ব্রিটিশদের পক্ষে সিরিজে ফিরে আসা মুশকিল হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারই মধ্যে চোট-আঘাত যে হোম টিমকে আরও ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে কি।
— BCCI (@BCCI) August 22, 2021 |
টিম ইন্ডিয়ার অনুশীলন শুরু
আগামী ২৫ অগাস্ট থেকে লিডসে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। রবিবার অর্থাৎ ২২ অগাস্ট হেডিংলেতে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেদিন বিকেলেই মাঠে প্রস্তুতিতে নেমে পড়েন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নেট প্র্যাকটিসে স্বমহিমায় ব্যাট চালাতে দেখা যায় বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের। চলে হালকা মেজাজে ফিল্ডিং অনুশীলন ও স্ট্রেচিং। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।












Click it and Unblock the Notifications