ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনুপস্থিত বেন স্টোকসকে টি২০ বিশ্বকাপেও দেখা যাবে কি?
টি২০ বিশ্বকাপে হয়তো খেলবেন না ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস, তেমনটাই জানাচ্ছে রিপোর্ট।
ব্যক্তিগত কারণ দর্শীয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। একই কারণে চলতি মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলের শেষাংশে রাজস্থান রয়্যালসের জার্সিতে মাঠে না নামার সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন স্টোকস। এই অবস্থায় আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের অল রাউন্ডারকে মাঠে নামতে দেখা যাবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

টি২০ বিশ্বকাপে নেই স্টোকস
এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না বেন স্টোকসকে। অর্থাৎ আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপেও যে ইংল্যান্ডের অল রাউন্ডারকে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি, সে কথাই ওই রিপোর্টে বলা হয়েছে। দাবি যে সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে নাকি ভাবছেনই না বেন স্টোকস। যদিও এ ব্যাপারে নির্ভরযোগ্য তো তথ্য পাওয়া যায়। এই ইস্যুতে ক্রিকেটার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা মুখে কুলুপ এঁটেছেন বলা চলে।

কেন নেই স্টোকস
২০১৯ সালের বিশ্বকাপ ও ২০২০ সালের অ্যাশেজ সিরিজের নায়ক বেন স্টোকস অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। চলতি বছরের শুরু খেলতে গিয়ে স্টোকসের হাতের আঙুলে চিড় ধরেছিল। অস্ত্রোপচারের পর ওই আঙুল ফের সঠিকভাবে নাড়াচাড়া করানোর জন্য স্টোকস আরও কিছুটা সময় নিতে চান বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে এ ব্যাপারেও কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

বেন স্টোকসের কেরিয়ার
ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৭১টি টেস্ট ম্যাচ খেলেছেন বেন স্টোকস। ৪৬৩১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে ১০টি শতরান রয়েছে স্টোকসের। দেশের হয়ে টেস্টে ১৬৩টি উইকেটও নিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। ১০১টি আন্তর্জাাতিক ওয়ান ডে ম্যাচ খেলা স্টোকস ২৮৭১ রান করেছেন। তিনটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন শক্তিশালী অল রাউন্ডার। ইংল্যান্ডের হয়ে ৩৪টি টি২০ ম্যাচও খেলেছেন বেন। মোট ৪৪২ রান এসেছ তাঁর ব্যাট থেকে। ওয়ান ডে ও টি২০তে যথাক্রমেস ৭৪ ও ১৯ট উইকেট নিয়েছেন স্টোকস। আইপিএলে ৪৩টি ম্যাচ খেলে দুটি শতরান সহ ৯২০ রান করেছেন ইংল্যান্ডের অল রাউন্ডার।

টি২০ বিশ্বকাপের সূচনা
২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। সম্প্রতি টি২০ বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আইসিসি। সে অনুযায়ী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।












Click it and Unblock the Notifications