India vs England: বাজবলের পরীক্ষায় স্পিন অস্ত্র মজবুত ইংল্যান্ডের, ভারতে টেস্ট সিরিজের দলে বড় চমক শোয়েব
India vs England: জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ শুরু। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকস জুটির বাজবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যার বড় পরীক্ষা যে ভারতেই, তা মানছে ইংল্যান্ড শিবির।
আজ ভারত সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। ১৬ সদস্যের দলে রয়েছেন চার স্পিনার। জানুয়ারির মাঝামাঝি থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রস্তুতি শিবির সেরে হায়দরাবাদ টেস্টের আগে ভারতে আসবে ইংল্যান্ড।

বেন স্টোকসকেই অধিনায়ক রেখে দল ঘোষণা হয়েছে। টেস্ট দলে রয়েছেন তিনজন এমন ক্রিকেটার যাঁদের টেস্ট অভিষেক হয়নি। সবচেয়ে বড় চমক শোয়েব বশির। বছর ২০-র এই অফ-স্পিনার সমারসেটে চুক্তিবদ্ধ হন জুনে। ৬টি প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সম্প্রতি ইউএই-তে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে তিন দিনের ম্যাচে ৬ উইকেট নেন ৪২ রানে।
শোয়েব ইংল্যান্ডে রাজস্থান রয়্যালসের যে আকাদেমি রয়েছে তার শিক্ষার্থী। ইংল্যান্ডের থিঙ্কট্যাঙ্ক বিশ্বাস করে, সেখানকার কন্ডিশন স্পিনারদের পক্ষে চ্যালেঞ্জিং। তাই পরিসংখ্যানের চেয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিভাকে, দক্ষতাকে। বোলিং অ্যাকশন, বিশেষ করে হাই রিলিজ পয়েন্ট দেখেই নির্বাচকদের মন জিতেছেন শোয়েব।
ভারতে চারজন ফ্রন্টলাইন সিমার নিয়ে আসছে ইংল্যান্ড। যার মধ্যে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে খেললেও টেস্ট খেলেননি। তেমনই রয়েছেন বাঁ-হাতি স্পিনার টম হার্টলে। অ্যাশেজে বাদ পড়া বেন ফোকসকে ফেরানো হয়েছে ভারত সফরের দলে। চোট সারিয়ে ফিরছেন জ্যাক লিচ, অলি পোপ।
করাচিতে টেস্ট অভিষেকে সাত উইকেট নেওয়া রেহান আহমেদকেও রাখা হয়েছে। ফলে চার স্পিনার হলেন রেহান, লিচ, শোয়েব, হার্টলে। হার্টলে বল হাতে ভারতীয় দলের অক্ষর প্যাটেলের মতো ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্টের। জোরে বোলারদের মধ্যে রয়েছেন জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন, গাস অ্যাটকিনসন ও মার্ক উড। সুযোগ মেলেনি ক্রিস ওকসের।
ড্যান লরেন্স, লিয়াম ডসন, উইল জ্যাকস টেস্ট দলে নেই। ডসন ও জ্যাকস দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ খেলবেন। হায়দরাবাদে প্রথম টেস্ট ২৫ জানুয়ারি থেকে। ইংল্যান্ডের টেস্ট দল- রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলে, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), মার্ক উড।












Click it and Unblock the Notifications