অ্যাশেজের আগেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানাবেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার
টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের অল রাউন্ডার মঈন আলি।
আইপিএলের নেশায় বুঁদ হয়ে থাকা ক্রিকেট বিশ্ব আগামী অক্টোবরেই টি২০ বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু করবে। এরপর ঠাঁসা আন্তর্জাতিক ক্রীড়াসূচিতে রয়েছে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ। যার অন্যতম ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী অ্যাশেজ। তবে তার আগেই ব্রিটিশ শিবিরকে ধাক্কা দিতে পারে দুঃসংবাদ। অ্যাশেজের আগেই ইংল্যান্ডের অল রাউন্ডার টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অবসর ঘোষণা করতে পারেন মঈন
আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে রয়েছেন মঈন আলি। তাঁকে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত হতে চলা আগামী অ্যাশেজ সিরিজের জন্যও জাতীয় দলে রাখতে আগ্রহী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তার আগেই মঈন টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন বলে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে কোট করে জানিয়েছে এএনআই। ইংল্যান্ডের অল রাউন্ডার খুব শীঘ্রই এই বড় ঘোষণাটি করবেন বলেও জানানো হয়েছে। যা শুনে কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট ফ্যানরা।

কেন এমন সিদ্ধান্ত
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে টানা খেলেছেন মঈন আলি। সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে চেন্নাই সুপার কিংসের জার্সিতে চুটিয়ে আইপিএল খেলছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। রবিবারও কেকেআরের বিরুদ্ধে তাঁকে মারমুখী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে। আমিরশাহীতেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। ইংল্যান্ডের হয়ে সেই প্রতিযোগিতায়ও অংশ নেবেন মঈন। সূত্রের খবর, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলতে যেতে চাইছেন না ডান হাতি অল রাউন্ডার। এত দীর্ঘ সময় পরিবারের থেকে দূরে থাকা তাঁর পছন্দ নয় বলে শোনা যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাতে রাজি না হওয়ায় মঈন টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

অধিনায়ক ও কোচের সঙ্গে কথা
এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মঈন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট এবং হেড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে কথা বলেছেন বলে শোনা গিয়েছে। তাঁরা দলের অল রাউন্ডারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বলে খবর। টেস্ট ফর্ম্যাট ছাড়লেও ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়মিতভাবে খেলতে দেখা যাবে মঈন আলিকে। তিনি কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন বলেও জানানো হয়েছে।

মঈন আলির টেস্ট কেরিয়ার
ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন মঈন আলি। ২৯১৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে পাঁচটি শতরান হাঁকিয়েছেন মঈন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৫। লাল বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের হয়ে ১৯৫টি উইকেটও নিয়েছেন মঈন। ৫৩ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা স্পেল।












Click it and Unblock the Notifications