T20 World Cup:ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, আইপিএলের পর টি২০ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার ‘আনফিট’ স্টোকসের
বিশ্বকাপ শুরুর দুই মাস আগে বড় ধাক্কা ইংল্যান্ড ক্রিকেট দলের। চোট থেকে সম্পূর্ণ ফিট না হওয়ার জন্য আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার আসন্ন টি২০ বিশ্বকাপেও না খেলার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার বেন স্টোকস। যা ইংল্যান্ড দলের কাছে বড় ধাক্কা। আপাতত পুরো ফিট হয়ে উঠে অলরাউন্ডার হিসাবে ফের নিজেকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য স্টোকসের।
ইংল্যান্ডের এই অলরাউন্ডার ইসিবিকে জানিয়েছেন,টি২০ বিশ্বকাপের জন্য যেন তাঁর নাম বিবেচনা না করা হয়। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নজরে এখন পুরোপুরি ফিটনেস। এত দিন খেললেও তিনি যে পুরোপুরি ফিট ছিলেন না তা পরিষ্কার। চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের আগে নিজেকে সম্পূর্ণ রূপে ফিট করেই তোলাই লক্ষ্য স্টোকসের।

চোট থেকে পুরোপুরি সেরে উঠে ভবিষ্যতে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। এই লক্ষ্য সামনে রেখেই কাউন্টি দল ডারহ্যামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন স্টোকস।
অনেক দিন ধরেই হাঁটুর চোটের কারণে বেশ ভুগছিলেন স্টোকস। শেষ বার ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৫ ওভার বোলিং করতে পেরেছিলেন।
আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি২০বিশ্বকাপ, টুর্নামেন্টে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৪ জুন। স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। ওই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ওমান এবং নামিবিয়া।












Click it and Unblock the Notifications