Emerging Asia Cup: বাংলাদেশকে হারিয়ে ক্রিকেটে এশিয়া সেরা ভারতের মেয়েরা
ইমার্জিং উইমেন্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচ জিতে চ্যাম্পিয়নের শিরোপা পেল ভারত। ফাইনাল ম্যাচ ৩১ রানে জিতে ট্রফি ঘরে তুলল ভারতীয় মহিলা ব্রিগেড।
ফাইনালে টসে জিতে ভারতের মেয়েরা ২০ ওভারে ১২৭ রান করেন। ২৯ বলে ৩৬ রান করেন দীনেশ বৃন্দা। কণিকা আহুজা ৩০ রান করেন। ক্যাপ্টেন শ্বেতার অবদান ২০ বলে ১৩ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আখতার ও সুলতানা খাতুন।

বাংলাদেশ রান তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায়। মাত্র ৯৬ রানে তারা অলআউট হয়ে যায়। ভারতের বোলাররা দারুণ ফর্ম দেখিয়েছেন। স্পিনারদের দাপটে বাংলাদেশ তারকারা বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ১০০ রানের গণ্ডিও পার করতে পারেননি বাংলাদেশের মেয়েরা।
শ্রেয়াঙ্কা পাটিল, মন্নত কাশ্যপ, কণিকা আহুজাদের দাপটে ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রমিলা বাহিনি।১৯.২ ওভারে ৯৬ রানেই অলআউট হয়ে যায় লতা মণ্ডল-মুর্শিদারা। ব্যাট হাতে বাংলাদেশের অলরাউন্ডার নাহিদা আক্তার সর্বোচ্চ ১৭ রান করেন। তিনি থাকেন অপরাজিত। এছাড়া শবনম মোস্তারি ১৬ ও সাথী রাণী করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। বাংলাদেশের লজ্জা আরও বাড়ত যদি না ভারতীয় মহিলারা বল হাতে অতিরিক্ত ১৬ রান খরচ করতেন।
শ্রেয়ঙ্কার চার উইকেট ছাড়াও বাংলাদেশকে বল হাতে বেকায়দায় ফেলেন মন্নত কাশ্যপ। তিনি তিনটি উইকেট নেন। দু'টি উইকেট নেন কণিকা। শেষ উইকেটটি নেন তিতাস।


কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছিল ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল, এবার এশিয়া কাপও জিতল ভারতের মহিলা এ দল। অনূর্ধ্ব ১৯ দলের বেশ কয়েক সদস্যাকে এই দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। তার মধ্যে অন্যতম ছিলেন হুগলির তিতাস সাধু। তিনি কিন্তু বল হাতে এই টুর্নামেন্টেও নজর কাড়লেন। ফলে জাতীয় দলের দরজায় কড়া নাড়া শুরু করে দিলেন তিতাস। চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications