ভারতীয়দের বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে মর্গ্যান-বাটলারের বিরুদ্ধে তদন্ত শুরু, বিপাকে অ্যান্ডারসনও
ভারতীয়দের বর্ণবিদ্বেষী মন্তব্যে মর্গ্যান-বাটলারের বিরুদ্ধে তদন্ত শুরু, বিপাকে অ্যান্ডারসনও
কয়েকদিন আগেই বর্ণবিদ্বেষী ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে ইংল্যান্ড ফাস্ট বোলার অলি রবিনসনকে সাসপেন্ড হতে হয়েছিল। তারপর থেকেই সক্রিয় হয়ে ওঠা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বর্ণ বৈষম্য ইস্যুতে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে চলেছে। ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও উইকেটরক্ষক জস বাটলারকে। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
|
কী করেছেন মর্গ্যান ও বাটলার
সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও জস বাটলারের একাধিক আপত্তিকর টুইট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নেটিজেনরা। যেখানে ভারতীয় ব্যঙ্গ করে তাঁদের লেখালেখি করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। দুই তারকার একাধিক টুইটে 'স্যার' শব্দের ইচ্ছাকৃত প্রয়োগ এবং ভুল ইংরেজি ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কথোপকথনে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালামকেও অংশ নিতে দেখা গিয়েছে। ঘটনা গোচরে আসার পরেই মর্গ্যান ও বাটলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
|
কী বলেছিলেন অ্যান্ডারসন
অলি রবিনসন, ইয়ন মর্গ্যান এবং জস বাটলারের মতোই বৈষম্যমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন জেমস অ্যান্ডারসন। নেট দুনিয়ার আচমকাই ভাইরাল হয়েছিল ইংল্যান্ড ফাস্ট বোলারের ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের এক টুইট। যেখানে তিনি সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে সমকামী বলে সম্বোধন করেছিলেন। পরে সেই টুইট মুছে ফেললেও বিতর্ক থেকে অব্যাহতি পাননি জিমি। এ ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটিজেনরা।

সাসপেন্ড রবিনসন
আট বছর আগে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন অলি রবিনসন। ২০১৩ সালের সেই টুইট সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়। সেই অপরাধে ইংল্যান্ড ফাস্ট বোলারকে সাসপেন্ড করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। লর্ডসে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শেষ হতেই ইসিবি-র তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য করেও টুইট মুছে ফেলে এ যাত্রায় বেঁচে গিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার ডম বেস।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
বিতর্কের আবহেই আজ এজবাস্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। লর্ডসে হওয়া দুই দলের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ফলে দ্বিতীয় ম্যাচ যারা জিতবে, তাদের হাতেই সিরিজ জয়ের খেতাব উঠবে।












Click it and Unblock the Notifications