রুট-অ্যান্ডারসন হোবার্টের হোটেলে অসংলগ্ন অবস্থায়, সঙ্গে অস্ট্রেলিয়ার ৩! ভিডিও ভাইরাল হতেই তদন্তে ইসিবি
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার পরাজয়ের সম্মুখীন হয়েছে ইংল্যান্ড। ০-৪ ব্যবধানে পরাস্ত হয়েছে জো রুটের দল। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে রুট এবং হেড কোচ হিসেবে ক্রিস সিলভারউড থাকবেন কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ বিশ্লেষণের প্রক্রিয়া চলছে, রুটও চাইছেন নেতৃত্ব ধরে রাখতে। এই আবহেই বিতর্কে জড়়িয়ে পড়লেন জো রুট ও জেমস অ্যান্ডারসন।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড সোশ্যাল মিডিয়ায় একটি মোবাইলে তোলা ফুটেজ প্রকাশ করতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। জেমস অ্যান্ডারসন ও জো রুটের কৃতকর্মের জেরে ব্রিটিশ সংবাদমাধ্যমও উঠেপড়ে লেগেছে। পঞ্চম টেস্ট খেলা চলাকালীন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল ছিল ক্রাউন প্লাজা হোবার্ট হোটেলে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রুট, অ্যান্ডারসন একটি টেবিলে বসে রয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার নাথান লিয়ঁ, অ্যালেক্স ক্যারি ও ট্রাভিস হেডের সঙ্গে। সকলেরই পরনে টেস্ট ম্যাচের পোশাক। অর্থাৎ তাঁরা জার্সি পর্যন্ত ছাড়েননি। টেবিলে প্রচুর বিয়ারের বোতল ও রেড বুলের ক্যানও পড়ে থাকতে দেখা গিয়েছে। রয়েছেন কয়েকজন পুলিশকর্মী ও হোটেলকর্মী।

সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে তাসমানিয়া পুলিশকে ডাকা হয় ক্রাউন প্লাজা হোবার্ট হোটেলে। হোটেলের ফাংশন এরিয়াতে কয়েকজন মদ্যপের উপস্থিতির কথা জেনেই পুলিশ ঘটনাস্থলে যায়। ভোর ৬টা নাগাদ পুলিশকর্মীদের কথা মেনে হোটেলের অতিথিরা নিজেদের রুমে চলে যান। এরপর আর কোনও ব্যবস্থা গ্রহণ করতে হয়নি পুলিশকে। ক্রাউন প্লাজা হোবার্টের জেনারেল ম্যানেজার লিন্ডা কলিস জানিয়েছেন, হোটেলের ফোর্থ ফ্লোর থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল। সেখানে কয়েকজন মদ্যপান করছিলেন। তবে ক্রিকেটাররা আপত্তিজনক কিছু করেননি। হোটেলকর্মীরাও তাঁদের সরে যেতে বলেননি। তার আগে পুলিশকর্মীরাই ক্রিকেটারদের ঘরে চলে যেতে বলেন। তবে ভাইরাল ফুটেজে শোনা গিয়েছে, একজন মহিলা পুলিশ অফিসার ক্রিকেটারদের উদ্দেশে বলছিলেন যে, খুব জোরে আপনারা কথা বলছেন। আপনাদের এখান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হলেও আপনারা যাননি। তাই আমরা এসেছি। এখন আপনাদের ঘরে থাকাই কাম্য। সকলেই চান আপনারা প্যাক-আপ করে চলে যান। মোবাইল ফুটেজটিতে যে পুরুষকণ্ঠটি শোনা যাচ্ছে সেটি ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্পের বলে দাবি ব্রিটিশ মিডিয়ার। তিনি প্রত্যেক ক্রিকেটারের পরিচয় দিয়ে উল্লেখ করেছেন এই ফুটেজ তুলে রাখা হচ্ছে আইনজীবীদের জন্য।

হোটেল কর্তৃপক্ষ বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কোনও বিবৃতি এখনও অবধি আসেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে, গোটা ঘটনার জন্য টিম ম্যানেজমেন্ট দুঃখপ্রকাশ করেছে। মদ্যপানের ধারা বজায় রাখাতেই ইংল্যান্ডের এই বিপর্যয় বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। সবমিলিয়ে রুটের উপর চাপ বাড়ছেই।












Click it and Unblock the Notifications