রঞ্জিতে বাংলার নেতৃত্বে অভিমন্যু, ডেপুটি অভিষেক, শামি ও আকাশকে রেখেই ঘোষিত দল
চলতি মাসের ১৫ তারিখ থেকে ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের মুখোমুখি হবে বাংলা। তারপর ২৫ অক্টোবর থেকে রয়েছে গুজরাতের বিরুদ্ধে ম্যাচ।
আজ বাংলা দল ঘোষণা করা হলো। অনুষ্টুপ মজুমদারের হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফিরল অভিমন্যু ঈশ্বরণের হাতে। সহ অধিনায়ক করা হলো অভিষেক পোড়েলকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হিসেবে প্রত্যাবর্তনের পর এই প্রথম বাংলা দল ঘোষিত হলো। সৌরভ নিজেও গতকাল হাজির ছিলেন বাংলা দলের অনুশীলনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দলকে পেপ টক দেন। জিমের পাশাপাশি নেট প্র্যাকটিসের গুরুত্বের কথা মনে করিয়ে দেন দলের সকলকে। অভিষেক পোড়েল, ঈশান পোড়েল-সহ কয়েকজনের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন মহারাজ। কার কোথায় কী খামতি তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। দুর্বলতা বা ঝুঁকির কথা মনে না রেখে ভয়ডরহীন ক্রিকেট খেলার আহ্বানও জানান। সৌরভ যে বাংলা দলের অনুশীলনে মাঝেমধ্যেই হাজির থেকে সকলকে উদ্বুদ্ধ করবেন সেটা জানিয়েছেন হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা।
মহম্মদ শামিকে নিয়ে জল্পনা ছিল। কিন্তু শামিকে রঞ্জি ম্যাচে পাওয়া যাচ্ছে, এটাই স্বস্তির। ফিট হয়ে রঞ্জিতে নামছেন আকাশ দীপ। তবে মুকেশ কুমারকে পাওয়া যাচ্ছে না এখনই। ব্যাটিং বিভাগে ভরসা ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামির মতো প্লেয়ারদের অভিজ্ঞতা। তরুণদের মধ্যে সুযোগ পেলেন রাহুল প্রসাদ, সৌরভ সিং, বিশাল ভাটিরা।
লক্ষ্মীরতন শুক্লা দলের হেড কোচ। কোচ হিসেবে থাকছেন অরূপ ভট্টাচার্য, শিবশংকর পাল। ফিল্ডিং কোচ চরণজিৎ সিং মাথারু।
বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ অধিনায়ক ও উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহন্ত, বিকাশ সিং।












Click it and Unblock the Notifications