করোনা সংকটে সামাজিক দূরত্ব রেখে ইস্টবেঙ্গলে বৈঠক, ফুটবল নিয়ে হল না কোনও আলোচনা
করোনা সংকটে সামাজিক দূরত্ব রেখে ইস্টবেঙ্গলে বৈঠক, ফুটবল নিয়ে হল না কোনও আলোচনা
করোনা সংকটের মধ্যে সামাজিক দূরত্ব বজার রেখে বুধবার হয়ে গেল ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠক। করোনার কাঁপছে দেশ। যেকারণে ভারতের খেলার জগৎ এখন পুরোপুরি স্থগিত রয়েছে। ক্রিকেট থেকে ফুটবল, হকি-অ্যাথলিট সর্বত্রই এখন মাঠে মাঠে তালা ঝুলছে। আনলক ওয়ানে খেলোয়াড়দের জন্য গ্যালারীশূন্য পরিবেশে মাঠ খোলার অনুমতি মিললেও ভাইরাস উদ্বেগের কারণে এখন প্রস্তুতি বন্ধ রয়েছে। এই অবস্থায় বুধবার সেনাবাহিনীর অনুমতি নিয়ে লাল-হলুদ শিবিরে বৈঠক হল। কিন্তু অবাক করা বিষয় সেই বৈঠকে ফুটবল নিয়ে কোনও আলোচনা হয়নি!

করোনা পরবর্তী সময় ভারতীয় ফুটবলের রূপরেখা কী হবে, সেই নিয়ে ফুটবলমহলে চর্চা চলছে। সেখানে ইস্টবেঙ্গলের বৈঠকে ফুটবল প্রসঙ্গই উঠল না।
ক্লাবের সঙ্গে বিদায়ী বিনিয়োগকারী কোয়েসের ঝামেলা এখনও চলছে। যে কারণেই ইস্টবেঙ্গলের অন্দরমহলে এখন বেশ গুমোট ভাব!
৩১ মে বিদায়ী স্পনসর কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপর প্রায় এক মাস কাটতে চললেও লাল-হলুদ শিবির এখনও কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করতে পারেনি।
যেকারণে ইস্টবেঙ্গল ফেডারেশনে ক্লাবের নাম পরিবর্তন নিয়ে বেশ সমস্যায় পড়েছে। সেপ্টেম্বরের মধ্য এই এনওসি নিয়ে ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটসে নাম পরবির্তনের কাজ সেরে ফেলতে হবে।
সেই সঙ্গে আসন্ন মরসুমে আইএসএল খেলতে গেলে স্পনসর জোগাড় প্রয়োজন। করোনার কারণে ইস্টবেঙ্গলে আগামী দিনে এই পরিস্থিতি নতুন বিনিয়োগকারী বা স্পনসর আসবে কিনা, সেই নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ক্লাব চালাতে আগামী দিনে কীভাবে অর্থের যোগান করা যায়, সেই নিয়েই শুধুমাত্র বুধবার আলোচনা হয়।
করোনা সংকটের পর আগামী দিনে কীভাবে ক্লাব চালানো যায়, বৈঠকে কর্তারা সেই বিষয়গুলি আলোচনা করেন। ক্লাবের কার্যকরী কমিটির সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে সভাপতি প্রণব দাশগুপ্ত, শান্তিরঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, দেবব্রত সরকারের মতো হেভিওয়েট কর্তারা হাজির ছিলেন।












Click it and Unblock the Notifications