অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ, এরপরই অবসরে ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার
টি ২০ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ চারে ওঠার যে ক্ষীণ সম্ভাবনাটুকু ছিল তাও শেষ হয়ে গিয়েছে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজয়ের পর। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েইন ব্র্যাভো। চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে কালই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে কাইরন পোলার্ডের দল। প্রথম একাদশে থাকলে এটিই ব্র্যাভোর বিদায়ী ম্যাচ হতে চলেছে।

২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ব্র্যাভো। যদিও টি ২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে ক্যারিবিয়ানদের বিদায় নিশ্চিত হতেই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে গুডবাই নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ব্র্যাভো। এবার নিয়ে সাতটি বিশ্বকাপেই খেলার নজির গড়লেন তিনি। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের পিছনেও বড় অবদান ছিল তাঁর। তবে এবারের বিশ্বকাপের পারফরম্যান্স যে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি সেটা স্বীকার করে নিয়েছেন ব্র্যাভো। তিনি বলেন, দেশের হয়ে নানা উত্থান-পতনের মধ্যে ১৮ বছর অতিবাহিত করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ড্যারিন সামির অধিনায়ত্বে দুটি-সহ মোট তিনটি আইসিসি ট্রফি জেতার সাক্ষী থাকতে পেরে গর্বিত। নিজের যাবতীয় অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর এটাই সেরা সময় বলে মনে করছেন তিনি।

এবারের টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট রানে অপরাজিত থাকেন, ২৩ রান খরচ করে কোনও উইকেট পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ১ রান করেন, বল হাতে ৩৬ রানের বিনিময়ে পান একটি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ রানে আউট হন, তার আগে ৪২ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পিছনেও তাঁর অন্যতম ভূমিকা ছিল, বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আস্থার মর্যাদা দেন ভালোভাবেই।

২০০৪ সালে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক। ২০০৬ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। ২০১০ সালে শেষ টেস্ট খেলেছেন, ভারতের বিরুদ্ধে ২০১৪ সালে ধরমশালায় খেলেন শেষ একদিনের আন্তর্জাতিক। বিগত বছরগুলিতে টি ২০ ক্রিকেটই খেলে গিয়েছেন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভরসা দিয়েছেন অলরাউন্ডার ব্র্যাভো। ৪০টি টেস্টে তিনটি শতরান ও ১৩টি অর্ধশতরান-সহ ব্র্যাভো ২২০০ রান করেছেন, ৮৬টি উইকেট রয়েছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৬৪টি, ২টি শতরান ও ১০টি অর্ধশতরান-সহ ২৯৬৮ রান করার পাশাপাশি ১৯৯টি উইকেট নিয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে ৯০টি ম্যাচে চারটি অর্ধশতরান-সহ ১২৪৫ রান করেছেন, উইকেট রয়েছে ৭৮টি। টি ২০ ক্রিকেটে ব্র্যাভো ৫১১টি ম্যাচে ৬৬১৭ রান করেছেন, ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৫৫৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।












Click it and Unblock the Notifications