Cheteshwar Pujara: পূজারা টেস্ট দল থেকে বাদ পড়েই হাঁকালেন শতরান, ছুঁলেন গাভাসকর-সচিনের কীর্তি
Duleep Trophy: চেতেশ্বর পূজারা ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর খেলতে নেমেই হাঁকালেন দুরন্ত শতরান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। এরপরই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখেননি নির্বাচকরা।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, পূজারার সামনে ভারতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ হয়ে যায়নি। ঘরোয়া ক্রিকেট খেলে নির্বাচকদের আস্থা অর্জন করার চ্যালেঞ্জ দেওয়া হয় পূজারাকে। সেই লক্ষ্যের প্রথম ধাপে সফল পূজারা।

আলুরে দলীপ ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। কাল খেলার শেষ দিন। ইতিমধ্যেই ফাইনালের দিকে পা বাড়িয়ে রেখেছে পশ্চিমাঞ্চল। প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন এই দলেই খেলছেন পূজারা। তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের লিড ৩৮৪ রানের। প্রথম ইনিংসে তারা তুলেছিল ২২০, মধ্যাঞ্চল শেষ হয় ১২৮ রানে।
আজকের খেলার শেষে পশ্চিমাঞ্চলের স্কোর ৯ উইকেটে ২৯২। ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭৮ বলে ১৩৩ রানে অপরাজিত রয়েছেন পূজারা। গতকাল তিনি ৫০ রানে নট আউট ছিলেন। আজ ৫৩ ওভার খেলা হয়। তিনে নেমে প্রথম ইনিংসে পূজারা ২৮ রান করেছিলেন। সূর্যকুমার যাদব প্রথম ইনিংসে ৭ ও সরফরাজ খান শূন্যে আউট হন। দ্বিতীয় ইনিংসে তাঁদের রান যথাক্রমে ৫২ ও ৬।

এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০তম শতরান পূর্ণ করলেন পূজারা। ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে। পূজারা ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০টি শতরান রয়েছে বিজয় হাজারের। রাহুল দ্রাবিড়ের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ৬৮। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৮১টি করে শতরান রয়েছে সুনীল গাভাসকর ও সচিন তেন্ডুলকরের।
অপর সেমিফাইনালে বেঙ্গালুরুতে উত্তরাঞ্চলকে হারাতে শেষ দিনে দক্ষিণাঞ্চলের চাই ১৯৪ রান, হাতে ১০ উইকেট। প্রথম ইনিংসে তিন রানের লিড ছিল উত্তরাঞ্চলের।












Click it and Unblock the Notifications