Duleep Trophy: ৫.৫ ওভার করতেই ৫৩ মিনিট! নজিরবিহীন বোলিং বিতর্ক দলীপ ট্রফিতে
দলীপ ট্রফির ম্যাচে নজিরবিহীন বোলিং বিতর্ক।সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনে উত্তরাঞ্চলকে ২ উইকেটে হারিয়েছে দক্ষিণাঞ্চল। গতবারের পুনরাবৃত্তি ঘটিয়ে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে দক্ষিণাঞ্চল।
লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য ২১৫ রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চল দুই উইকেটে ম্যাচ জিতে নেয়। বৃষ্টি ও খারাপ আলোর জন্য একাধিকবার ম্যাচ বিঘ্নিত হয়। তবে কোনওরকমে ম্যাচ জিতে নেয় সাউথ জোন. ময়ঙ্ক আগরওয়ালের অর্ধশতরান ও রিকি ভুইয়, হনুমা বিহারীর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল।

কিন্তু এই ম্যাচটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অন্য একটি কারনে। উত্তরাঞ্চলের বোলিং রণকৌশল নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ৫.৫ ওভার বল করতে ৫৩ মিনিট সময় নেন উত্তরাঞ্চলের বোলাররা। যা ক্রিকেটীয় স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। বৃষ্টির জন্য ১০০ মিনিটের বেশি সময় নষ্ট হয় ম্যাচে। তার উপর বোলিং করার সময় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার অভিযোগ উঠে উত্তর ভারতের দলটির বিরুদ্ধে
ম্যাচের প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ১৯৮ রানের জবাবে দক্ষিণাঞ্চল ১৯৫ রানেই অল আউট হয়ে যায়। তাই ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে লিডের সুবাদে উত্তরাঞ্চলই ম্যাচ জিতে নিত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই কারণেই সম্ভবত সময় নষ্টের পরিকল্পনা নিয়েছিল উত্তরাঞ্চল। কিন্তু জয়ন্ত যাদবের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলের এই স্ট্যাটেজি ক্রিকেটীয় স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী।

এমনকি ৩ বল করতে সময় লাগল ৪ মিনিট ৪৩ সেকেন্ড। কোনও ক্রিকেটার চোট পাননি, কোনও দর্শক বা পশু-পাখি মাঠে ঢুকে পড়ে ম্যাচে বিঘ্ন ঘটায়নি, প্রাকৃতিক দুর্যোগের কারণেও ম্যাচ বন্ধ হয়নি। কিন্তু তা সত্ত্বেও মাত্র ৩ বল করতে এত সময় লাগল।
কিন্তু তাতে শেষমেশ লাভের লাভ কিছুই হল না নর্থ জোনের। ময়ঙ্কের ৫৪ রানের ইনিংসের পর হনুমা ও রিকি ভুই ১০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে যথাক্রমে ৪৩ ও ৩৪ রান করেন। তিলক ভার্মাও ২৫ রানের ইনিংস খেলেন। শেষমেশ সাই কিশোর মাথা ঠান্ডা রেখে দলকে জয় এনে দেন।

নর্থ জোনের এই রণকৌশল নিয়ে সাউথ জোনের অধিনায়ক হনুমা বিহারী বলেন, 'ঘরোয়া ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটে। আমি অনেক ম্যাচে সাক্ষী থেকেছি যেখানে ফাইনাকল কিছু ওভার ইচ্ছাকৃতভাবেই দেরি করা হয়েছে। সুবিধা নেওয়ার চেষ্টা করেন বোলাররা। এই কাজ ক্রিকেটীয় স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু আমি অধিনায়ক থাকলেও আমিও হয়ত একই কাজ করতাম।'












Click it and Unblock the Notifications