Duleep Trophy: দলীপে সরফরাজের ভাই মুশিরের অপরাজিত শতরান, বড় রান পেলেন না পন্থ, যশস্বী
Duleep Trophy: দলীপ ট্রফিতে দারুণভাবে শুরু করলেন মুশির খান। সরফরাজ খানের ভাই। ভারতীয় বি দলের হয়ে তিনি খেলতে নেমে দুরন্ত শতরান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন।
যদিও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে বড় রান পেলেন না যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সরফরাজ খানরা।

দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ দেখেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বেছে নেবেন নির্বাচকরা। ১২ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতীয় টেস্ট দলের ক্রিকেটারদের সমবেত হওয়ার কথা রয়েছে। সেখানে টেস্ট সিরিজের আগে চলবে প্রস্তুতি শিবির। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় এ দল খেলছে ভারতীয় বি দলের বিরুদ্ধে।
শুভমান গিল নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় এ দলকে। ভারতীয় বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। টস জিতে ভারতীয় এ দল ভারতীয় বি দলকে ব্যাট করতে পাঠায়। প্রথম দিনের শেষে ভারতীয় বি দলের সংগ্রহ ৭৯ ওভারে ৭ উইকেটে ২০২। ৮০ রানে দলের অর্ধেক ব্যাটিং লাইন আপ প্যাভিলিয়নে চলে গিয়েছিল।
৪৩.৫ ওভারে ৯৪ রানে পড়েছিল সপ্তম উইকেট। সেখান থেকে নভদীপ সাইনির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশির খান। তিনি ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২২৭ বলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন নভদীপ সাইনি।
যশস্বী জয়সওয়াল ৬টি চারের সাহায্যে ৫৯ বলে ৩০ রান করেন। অধিনায়ক অভিমন্যু ৪২ বলে ১৩ রান করেন। মুশির তিনে ব্যাট করতে নেমে অপরাজিত আছেন। চারে নেমে তাঁর দাদা সরফরাজ ৩৫ বলে ৯ রান করেন।
ঋষভ পন্থ একটি চারের সাহায্যে ১০ বলে ৭ রান করেছেন। আকাশ দীপের বলে পন্থের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন শুভমান। পন্থকে ফেরানোর পরের বলেই নীতীশ কুমার রেড্ডিকে বোল্ড করে দেন আকাশ দীপ। নীতীশ খাতা খুলতে পারেননি। ওয়াশিংটন সুন্দর ১৩ বলে ০ রান করেন, তাঁকে রান আউট করেন আকাশ। সাই কিশোর ১৫ বলে ১ রান করেছেন।
খলিল আহমেদ চারটি মেডেন-সহ ১৭ ওভারে ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। আকাশ দীপের ১৮ ওভারে ৬টি মেডেন, ২৮ রান দিয়ে তিনি ২ উইকেট দখল করেছেন। আবেশ খানের ১৬ ওভারে ৫টি মেডেন, ৪২ রান খরচ করে তিনি ২টি উইকেট দখল করেছেন।












Click it and Unblock the Notifications