Duleep Trophy: এখনও ফুল ফিট নন? দলীপের দলেও নেই শামি, তারকা পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন
চোট কাটিয়ে কবে জাতীয় দলে ফিরবেন মহম্মদ শামি। এটাই এখন সবথেকে বড় প্রশ্ন ভারতীয় ক্রিকেটে। গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকেই ২২ গজের বাইরে শামি। বুধবার ঘোষিত হয়েছে দলীপ ট্রফির চার দলের স্কোয়াড। এই চারটি দলের একটিতেও জায়গা হয়নি শামির। ফলে তারকা পেসারের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন।
বড় চোট পাওয়ার পর সাধারণত ঘরোয়া ক্রিকেটে খেলেই জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হয় ক্রিকেটারদের। মনে করা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দলে সুযোগ পাবেন শামি। ফলে তার আগে দলীপ ট্রফিতে তারকা পেসারকে দেখে নেবেন নির্বাচকরা। কিন্তু দলীপ ট্রফির ম্যাচে তাঁর না থাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আদৌও তিনি দলে ফিরবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল রিহ্যাবের শেষ পর্যায় এই মূহূর্তে রয়েছেন শামি। গত মাস থেকেই পুরো দমে বোলিং শুরু করে দিয়েছেন এনসিএতে। শামি ফিটনেস খুশি করেছেন এনসিএ-র কোচদের। সময়ের সঙ্গে সঙ্গেই ওয়ার্কলোড বাড়িয়েছে এই পেসার, তবে কোনওরকম ব্যথার কথা উল্লেখ করেননি তিনি। কিন্তু দলীপ ট্রফির দলে শামি না থাকায় ফের তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠল।
ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে শামিকে বাদ দেওয়া হয়েছিল। চোট সারাবার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল এবং তিনি তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সতর্ক তত্ত্বাবধানে ছিলেন শামি। ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের এই বছরের শুরুতে তার অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল, যার ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি।
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে ভারতের প্রথম টেস্ট। একইসঙ্গে দলীপ ট্রফিতে রোহিত-বিরাটদের বিশ্রামে রাখা নিয়েও উঠছে প্রশ্ন। দলীপ ট্রফি শুরু হবে ৫ সেপ্টেম্বর। প্রাথমিকভাবে ভারতীয় দলের সবার এই টুর্নামেন্ট খেলার কথা ছিল। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল দুই মহাতারকাকে দলে রাখা হয়নি। এর আগে ২০১২ সালে শেষবার দলীপ ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। আর রোহিত শর্মা শেষ বার দলীপে খেলেছিলেন ২০১৬ সালে।












Click it and Unblock the Notifications