Duleep Trophy: ঈশান কিষাণের দুরন্ত শতরান, দলীপ ট্রফিতে কোন দলের কী অবস্থা? কারা নজর কাড়লেন?
Duleep Trophy: দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের খেলা আজ থেকে শুরু হলো। প্রথমে দলে না থাকলেও আজ ভারতীয় সি দলের হয়ে নেমে পড়লেন ঈশান কিষাণ। পেলেন শতরানও।
ভারতীয় সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নেমে ২ বল খেলেই সাজঘরে ফিরেছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে। তিনি অবশ্য পরে ব্যাট করতে নেমেছেন।

বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতার পর এবার দলীপ ট্রফিতে ঈশান কিষাণের শতরান নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল। যদিও ভারতীয় দলে সুযোগ পাওয়ার নিরিখে তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন। বিশেষ করে টেস্ট দলে ঋষভ পন্থের কামব্যাকের পর ধ্রুব জুরেল রয়েছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে।
অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে টস জিতে ভারতীয় বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ভারতীয় সি দলকে ব্যাট করতে পাঠান। প্রথম দিনের শেষে ঋতুরাজের নেতৃত্বাধীন ভারতীয় সি দল ৭৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে।
চারে ব্যাট করতে নেমেছিলেন ঈশান। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৬ বলে ১১১ রান করে সাজঘরে ফেরেন কিষাণ। বাবা ইন্দ্রজিৎ করেন ১৩৬ বলে ৭৮। অভিষেক পোড়েল অবশ্য ১২ রানের বেশি করতে পারেননি। রজত পাটীদার ৬৭ বলে ৪০ রান করেছেন।
ঋতুরাজ গায়কোয়াড় দিনের প্রথম ওভারে মুকেশ ওভারকে একটি চার মারেন। কিন্তু দুটি বল খেলেই রিটায়ার্ড হার্ট হন। জানা গিয়েছিল, গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। পরে অবশ্য তিনি ব্যাট করতে নেমে ৫০ বলে ৪৬ রানে অপরাজিত আছেন। সাতটি চার ও ২টি ছয় মেরেছেন। মানব সুথার ১১ বলে ৮ রানে ক্রিজে।
মুকেশ কুমার তিনটি মেডেন-সহ ২১ ওভারে ৭৬ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। নভদীপ সাইনি ও রাহুল চাহারের ঝুলিতে একটি করে উইকেট।
অনন্তপুরেই রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্টের স্টেডিয়ামে অপর ম্যাচে ভারতীয় ডি দল ভারতীয় এ দলকে টস জিতে ব্যাট করতে পাঠিয়েছে। ভারতীয় ডি দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার, ভারতীয় এ দলকে নেতৃত্ব দিচ্ছেন ময়াঙ্ক আগরওয়াল। প্রথম দিনের শেষে ৮২ ওভারে ভারতীয় এ দল ৮ উইকেটে ২৮৮ রান তুলেছে।
আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৭৪ বলে ৮৮ রানে অপরাজিত আছেন শামস মুলানি। তনুশ কোটিয়ান ৮০ বলে ৫৩ রান করেন। প্রথম সিং ও ময়াঙ্ক করেন সাত রান করে। তিলক বর্মা ১০, রিয়ান পরাগ ৩৭, শাশ্বত রাওয়াত ১৫, কুমার কুশাগ্র ২৮ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৮ রান করেন। খলিল আহমেদ অপরাজিত আছেন ১৫ রানে।
অর্শদীপ সিং দুটি উইকেট পেলেও ১৮ ওভারে ৭৩ রান দেন, তিনটি মেডেন ওভার। হর্ষিত রানা চারটি মেডেন-সহ ১৬ ওভারে ৪৯ রান দিয়ে দুটি উইকেট দখল করেছেন। বিদ্ব্যথ কাভেরাপ্পার ১৪ ওভারে ৫টি মেডেন, ৩০ রান দিয়ে তিনিও ২ উইকেট নেন। সারাংশ জৈন ও সৌরভ কুমার পেয়েছেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications