Duleep Trophy: ঈশান কিষাণ দলীপ ট্রফিতে নেমেই পেলেন সাফল্য, তবে ভারতীয় সি দলের হয়ে খেলা নিয়েই উঠল প্রশ্ন
Duleep Trophy: ঈশান কিষাণ দলীপ ট্রফিতে নেমেই সাফল্য পেলেন। বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতায় শতরান পেয়েছিলেন। আজও এগিয়ে চলেছেন শতরানের দিকে।
যদিও ভারতীয় সি দলের হয়ে তাঁর খেলা নিয়েই প্রশ্ন উঠে গেল। কারণ, দল ঘোষণার সময় তাতে উল্লেখ ছিল না কিষাণের নাম। এমনকী আজ তাঁর খেলা নিয়ে এখনও কোনও বিবৃতি জারি করেনি বিসিসিআই।

ঈশান কিষাণ গত বছর জুলাইয়ে ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ও টি২০ আন্তর্জাতিকে তাঁকে দেখা গিয়েছে যথাক্রমে গত অক্টোবর ও নভেম্বরে। মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নিয়েছিলেন। তার জেরে বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্রাক্টের বাইরে চলে যান। এখনও ভারতীয় দলে কামব্যাক করতে পারেননি।
যদিও ঈশান কিষাণ আইপিএলে খেলেছিলেন। ভারতীয় দলের বাইরে থাকা প্রত্যেকের জন্য প্রথম শ্রেণির ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে বিসিসিআই। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের আগে জানানো হয়েছিল, কুঁচকির চোটের কারণে খেলতে পারবেন না ঈশান কিষাণ।
এরপর দ্বিতীয় রাউন্ডের আগে যে দল ঘোষণা হয় তাতে ছিল না ঈশান কিষাণের নাম। আজ অনন্তপুরে ভারতীয় বি দলের বিরুদ্ধে দলীপ ট্রফির ম্যাচ খেলছে ভারতীয় সি দল। খেলা শুরুর আগে দেখা যায় ভারতীয় সি দলে রয়েছে ঈশানের নাম। যদিও আগে বিসিসিআই জানিয়েছিল ভারতীয় ডি দলে ঈশানের পরিবর্ত হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়ার কথা।
স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়ে যায় কেন নাম না থাকা সত্ত্বেও ঈশান দলে ঢুকে পড়লেন তা নিয়ে। হতেই পারে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম মনে করছে ঈশান খেলার উপযুক্ত। ম্যাচ ফিটনেস দেখে নিতে চাইছেন। সেটা হলেও কেন সেই কারণও জানানো হলো না?
ভারতীয় সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ভারতীয় বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ টস জিতে ভারতীয় সি দলকে ব্যাট করতে পাঠায়। ঋতুরাজ অবশ্য দুই বল খেলেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তার মধ্যে একটি বাউন্ডারিও মারেন। ঋতুরাজের চোট নিয়েও এখনও পুরোপুরি ধোঁয়াশা রয়েছে।
সাই সুদর্শন ওপেন করতে নেমে ৭৫ বলে ৪৩ ও রজত পাটীদার ৬৭ বলে ৪০ রান করেন। ৯৭ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর দলের রান দুশো পার করিয়ে দিয়েছেন ঈশান ও বাবা ইন্দ্রজিৎ। এই প্রতিবেদন লেখার সময় ভারতীয় সি দলের স্কোর ২ উইকেটে ২১৪। ঈশান ৭৬ বলে ৭৬ ও ইন্দ্রজিৎ ৭০ বলে ৩৬ রানে ক্রিজে। কিষাণ ১২টি চার ও একটি ছয় মেরেছেন।












Click it and Unblock the Notifications