অজানা কারণে সাহারার সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ঢাকা, ৪ মার্চ : কোনও এক অজানা কারণে ভারতের সুব্রত রায়ের সংস্থা সাহারার অনুমোদিত সংস্থা অ্যাম্বি ভ্যালির সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর ফলে আসন্ন পাকিস্তান সিরিজের আগে নয়া পৃষ্ঠপোষক খুঁজতে হবে বিসিবিকে।
বিসিবির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিজামউদ্দিন চৌধুরি এক সাক্ষাৎকারে বলেন, "আমরা সাহারার সঙ্গে আর কোনওভাবে চুক্তিবদ্ধ থাকতে চাই না। তাদের সঙ্গে আমাদের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তাই আসন্ন পাকিস্তান সিরিজে নতুন স্পনসর খুঁজে পেতে বাংলাদেশের নামী পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে বলে জানান নিজামউদ্দিন।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে অবশ্য খোলসা করেনি বিসিবি। নিজামউদ্দিন চৌধুরি শুধু জানিয়েছেন, সাহারার সঙ্গে চুক্তি আর নতুন স্পনসরের ব্যাপারে এখনই এর বেশি কিছু বলা সম্ভব নয়।
২০১২ সালের জুন মাসে সাহারার সঙ্গে চার বছরের জন্য ১৪ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল বিসিবির। চুক্তি অনুযায়ী ২০১৬ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট দলের স্পনসর থাকার কথা সাহারার। কিন্তু দীর্ঘ ১৫ মাস বাকি থাকতেই বিসিবি এই চুক্তি বাতিল করল।
প্রসঙ্গত, সাহারা গোষ্ঠার কর্ণধার সুব্রত রায় একটি মামলায় গতবছর থেকে জেলবন্দি হয়ে রয়েছেন। ভারতীয় বোর্ডও এখন সাহারাকে বদলে নতুন স্পনসর নিয়েছে।












Click it and Unblock the Notifications